ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালের সময় যুবলীগের নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার মামলায় গত বৃহস্পতিবার ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মামলার এজাহারভুক্ত এক আসামিকে বাড়িতে না পেয়ে তাঁর মাকে আটক করা হয়। পরে মামলার বাদীর সুপারিশে আসামির মাসহ চারজনকে ছেড়ে দেওয়া হয়। তবে এক স্কুলছাত্রসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গফরগাঁও থানার পুলিশ ও ময়মনসিংহ পুলিশের বিশেষ শাখার একটি দল উপজেলার হাটুরিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় মামলার এজাহারভুক্ত আসামি মুক্তারকে না পেয়ে তাঁর মা রমিজা খাতুন, স্কুলছাত্র তুষার, সাব্বির আলম ও তারেক আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে মামলার বাদী কাজী জিন্নাহর সুপারিশে রমিজা বেগম, সাব্বির আলম, নুর মোহাম্মদ ও তারেক আজিজকে ছেড়ে দেওয়া হয়। তবে পৌর এলাকার রোস্তম আলী গোলন্দাজ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তুষারসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।