গফরগাঁওয়ে ভোটকেন্দ্রে ক্ষমতাসীনরা, বর্জন বিএনপির প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আজ সোমবার কয়েকটি ভোটকেন্দ্র আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা নিজেদের দখলে নিয়েছেন।

আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা ভোটকেন্দ্র থেকে সাধারণ ভোটার ও বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেন। প্রতিবাদে বিএনপি-সমর্থিত প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

গফরগাঁওয়ে সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত পৌর এলাকার তিনটি ভোটকেন্দ্র ও উস্থি ইউনিয়নের বাঘেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা নিজেদের নিয়ন্ত্রণে নেন। তাঁরা ভোটকেন্দ্র থেকে সাধারণ ভোটার ও বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেন। 

সকাল সাড়ে ১০টায় গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুল ভোটকেন্দ্রে দেখা গেছে, ছয়টি কক্ষের মধ্যে একটি কক্ষে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্ট রয়েছেন। ৪ নম্বর কক্ষে দেখা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর তিনজন এজেন্ট পাশাপাশি বসা। জানতে চাইলে তাঁরা জানান, বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টরা বাইরে গেছেন। প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেও বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্রে আসতে দেখা যায়নি।

প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুর বলেন, ‘সাতটি কক্ষের মধ্যে ছয়টি কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের তালিকা জমা দিয়েছে। তাঁরা কেন নেই, তা আমাদের জানা নেই।’

খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সাতটি কক্ষের মধ্যে চারটিতেই বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি। বিএনপি-সমর্থিত প্রার্থীর একজন এজেন্ট জানান, তিনি ওই কেন্দ্রের ভোটার। নিজের ভোট দিতে গেলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আশরাফ উদ্দিনের কর্মীরা কক্ষে ঢুকে তাঁকে তাঁদের সামনে ভোট দিতে বলে। তিনি প্রকাশ্যেই বিএনপি-সমর্থিত প্রার্থীর মোটরসাইকেল প্রতীকে ভোট দিলে তাঁকে মেরে কেন্দ্র থেকে বের করে দেয়।

খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন, ‘এ রকম কোনো অভিযোগ কেউ আমার কাছে করেনি।’

সকাল নয়টায় গরফগাঁও আদর্শ শিশুনিকেতন ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে আবুল খায়ের নামের বিএনপির এক সমর্থককে মেরে মাথা ফাটিয়ে দেয় আওয়ামী-সমর্থকেরা। পরে তাঁকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। 

বিভিন্ন কেন্দ্র ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কমপক্ষে ৩০টি কেন্দ্র আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা দখল করে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে। চারটি কেন্দ্রে সাধারণ ভোটাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীদের বাধার কারণে তাঁদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক ভোটার ভোটকেন্দ্রে এসেও ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন। অনেক ভোটার কেন্দ্রে ভয়ভীতি দেখোনো হচ্ছে শুনে ভোটকেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন।

নির্বাচনে নজিরবিহীন কারচুপির অভিযোগ তুলে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাঁর দাবি, ১০৯টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রেই ভোট জালিয়াতি, ভোটার ও এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেরাই সিল মারেন।