গফরগাঁওয়ে সংঘর্ষ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে গত মঙ্গল ও গতকাল বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের সমর্থকদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবন, কার্যালয় ও দোকান ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পৌরসভার মেয়র কায়সার আহমেদের সমর্থকেরা হরতালবিরোধী একটি মিছিল বের করে। মিছিল থেকে উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা ফাহমি গোলন্দাজের সরকারি বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। মিছিলটি রাত সাড়ে আটটার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এর জের ধরে গতকাল সকালে উপজেলা চেয়ারম্যানের সমর্থকেরা পৌর মেয়রের বিপণিবিতানের দুটি দোকান ভাঙচুর এবং তাঁর কার্যালয়ের আসবাবে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।