গফরগাঁওয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি, পাঁচবাগ, মশাখালী ইউনিয়নে গতকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। উপজেলার আট ইউনিয়ন নিয়ে পাগলা থানা গঠনের প্রতিবাদে এ হরতাল পালন করা হয়।দুপুরে হরতাল-সমর্থক, পুলিশ ও হরতালবিরোধীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পুলিশসহ আহত হয় ১৪ জন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িসহ ১০টি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, হরতালকারীরা ওই তিন ইউনিয়নের ভেতর দিয়ে যাওয়া ভালুকা-গফরগাঁও-শ্রীপুর উপজেলার সব কটি সংযোগ সড়কে অবরোধ সৃষ্টি করে। দুপুর ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জোবায়েদুর রহমান পুলিশ নিয়ে কান্দিপাড়া-মশাখালী সড়ক থেকে হরতালকারীদের সরাতে যান। এ সময় এলাকাবাসীর ওপর লাঠিপেটা করা হলে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। হরতালবিরোধী স্থানীয় আরেকটি দল হরতালকারীদের ধাওয়া করে। এ সময় ত্রিমুখী সংঘর্ষে পুলিশ কনস্টেবল ফেরদৌস মিয়া, সুমন মিয়াসহ ১৪ জন আহত হন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করে।দুপুর একটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী রেলস্টেশনে হরতাল-সমর্থকদের ওপর উপজেলা শ্রমিক লীগ ও ছাত্রলীগের দুই নেতার নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।হরতাল চলাকালে কান্দিপাড়া, সতরবাড়ী এলাকায় হরতালকারীরা পাঁচটি মোটরসাইকেল, চার-পাঁচটি টেম্পু ও অটোরিকশা ভাঙচুর করে।গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গতকাল বিকেলে বলেন, ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে গেছে। কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মশাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘আমরা গফরগাঁও থানার অন্তর্ভুক্তই থাকতে চাই।’নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনে অংশ নেওয়া একই ইউনিয়নের আরেক ব্যক্তি বলেন, গফরগাঁওয়ের সাংসদ গিয়াসউদ্দিনের বাড়ি নিগুয়ারি ইউনিয়নে। তাই তিনি দক্ষিণ গফরগাঁওবাসীর স্বার্থ উপেক্ষা করে তাঁর ইউনিয়নের নিকটবর্তী দত্তেরবাজার ইউনিয়নের পাগলায় থানা করছেন। অথচ উস্থি ইউনিয়নের কান্দিপাড়ায় স্কুল-কলেজ, হাসপাতাল, ব্যাংক, সাব-রেজিস্ট্রি কার্যালয় রয়েছে। থানা করলে কান্দিপাড়ায়ই করতে হবে।ছাত্রলীগ নেতা খোকন বলেন, ‘আমরা রেলস্টেশনে হামলার চেষ্টাকারীদের বাধা দিয়েছি। পাগলা থানা করায় লঙ্গাইর ও মশাখালী ইউনিয়নবাসী আগামী শুক্রবার স্থানীয় সাংসদকে এ রেলস্টেশন চত্বরে অভিনন্দন জানাবে। এ সময় রেলস্টেশনের কোনো ক্ষতি সাধন হোক, তা আমরা চাইনি।’৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের সভায় গফরগাঁও থানার অন্তর্ভুক্ত উস্থি, পাঁচবাগ, মশাখালী ইউনিয়ন নিয়ে পাগলা থানা গঠনের সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার উস্থি ইউনিয়নবাসী অর্ধদিবস হরতাল পালন করে।