গফরগাঁওয়ে সন্ত্রাসীদের বাধায় কলেজের নির্মাণকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আমলীতলা বাজারে র্যাংলার কিরন দে মডেল কলেজের ভবন নির্মাণকাজ সন্ত্রাসীদের বাধার মুখে বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার সকালে নির্মাণকাজ শুরু করলে কয়েকজন সন্ত্রাসী চাঁদা দাবি করে৷ এ কারণে কলেজ কর্তৃপক্ষ নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হয়।
উপমহাদেশের প্রথম র্যাংলার উপাধি পাওয়া কিরন দের নামে রসুলপুর আমলীতলা বাজারে কিরন দের জমিতে ২০১২ সালে কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়। ২০১৩ সালে কলেজটি সরকারি স্বীকৃতি পেলেও কলেজের নিজস্ব কোনো ভবন ছিল না। পার্শ্ববর্তী রসুলপুর হাইস্কুল ও রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষে পাঠদান করানো হয়। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ র্যাংলার কিরন দের জমিতে কলেজের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেয়। গতকাল বুধবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় ভবন নির্মাণের নির্ধারিত জমিতে মাটি ভরাটকাজ শুরু হলে স্থানীয় ইউপি সদস্য মাহাবুব, শরিফ ও আবদুর রশিদের নেতৃত্বে ১০-১২ জন মাটি ভরাটের কাজে বাধা দেয়৷ তারা চাঁদা দাবি করে ও শিক্ষকদের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে হুমিকর মুখে কলেজের শিক্ষকেরা কাজ বন্ধ করে চলে আসতে বাধ্য হন।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল গফুর বলেন, গ্রামের কিছু ইতর প্রকৃতির লোকের বাধার কারণে ভবন নির্মাণের কাজ শুরু করা যায়নি। বিষয়টি নিয়ে কলেজের সভাপতির সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য মাহাবুব বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ যে জমিতে ভবন নির্মাণ করতে চায়, সেই জমি আমাদের পরিবারের লোকজন দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছে।’
রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়রাম্যান মইন সরকার বলেন, সন্ত্রাসীদের বাধা দেওয়ার বিষয়টি সরকারি কর্তৃপক্ষকে জানানো হলেও বিকেল পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ যায়নি।