গফরগাঁওয়ে সরকারি কর্মকর্তাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা মো. সমিরুল হক ভূঁইয়াকে মারধর করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানের পছন্দমতো কাজ না করায় তাঁর লোকজন তাঁকে মারধর করেন বলে তিনি অভিযোগ করেছেন। এ অভিযোগে সমিরুল হক ভূঁইয়া গত শুক্রবার রাতে গফরগাঁও থানায় উপজেলা চেয়ারম্যান মো. ফাহিম গোলন্দাজ ওরফে বাবেলসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। অন্য আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবুল কাশেম, চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা মো. সোহেল, ব্যক্তিগত গাড়িচালক মো. খায়রুল ইসলাম, ছাত্রলীগের কর্মী মো. কাউছার, সজীব মিয়া, কাজল মিয়া ও অজ্ঞাত এক ব্যক্তি। মামলার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা মিলেছে। মারধরে সমিরুল হকের একটি দাঁত ভেঙে যায়। ঘটনার সঙ্গে উপজেলা চেয়ারম্যান জড়িত কি না, এ ব্যাপারে তদন্ত চলছে। এজাহারে সমিরুল হক ভূঁইয়া উল্লেখ করেন, সরকারের চলমান ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে প্রতিটি উপজেলার চারটি ইউনিয়ন অন্তর্ভুক্ত করার কথা। তিনি উপজেলা বিআরডিবি কার্যালয়সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে গফরগাঁওয়ের রসুলপুর, চরআলগী, উস্তি ও নিগুয়ারি ইউনিয়নকে নির্বাচন করেন। ৩ মার্চ উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় এই ইউনিয়নগুলোতে প্রকল্পের কাজ শুরু করার অনুমোদন দেওয়া হয়। কিন্তু পছন্দের চারটি ইউনিয়ন এই প্রকল্পের ভেতর না থাকায় উপজেলা চেয়ারম্যান ফাহিম গোলন্দাজ তাঁর ওপর ক্ষুব্ধ হন। ২১ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তাঁর উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান তাঁর পছন্দের চার ইউনিয়ন পাঁচবাগ, গফরগাঁও, শালটিয়া ও চরআলগী প্রকল্পভুক্ত না করার কারণ জানতে চান। চারটির বেশি ইউনিয়ন প্রকল্পভুক্ত করার নিয়ম নেই বলে জানালে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সমিরুল হককে দেখে নেওয়ার হুমকি দেন। এজাহারে বাদী অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে একটি কর্মশালা করে নিজ কার্যালয়ে ফিরছিলেন। এ সময় উপজেলা পরিষদ ও উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনের মধ্যবর্তী স্থানে চেয়ারম্যানের বাসা থেকে বের হয়ে এসে আবুল কাশেম ও সোহেলসহ আরও পাঁচজন তাঁর পথরোধ করেন। চেয়ারম্যানের কথামতো কাজ না করায় তাঁকে তাঁরা গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁরা মারধরও করেন। সমিরুল হকের ভাষ্য, ‘এ সময় আমার সঙ্গে থাকা বিআরডিবির পরিদর্শক ফজলুর হক মীর ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আবদুল কাইয়ুম চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এলে তাঁরা চলে যান। মারধরে আমার ওপরের চোয়ালের একটি দাঁত ভেঙে গেছে। অপর একটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়।’আবদুল কাইয়ুম বলেন, ‘ঘটনার পর সমিরুল হককে আমরা তাঁর কার্যালয়ে নিয়ে আসি। তাঁর মুখ থেকে রক্ত ঝরছিল। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।’ এ ব্যাপারে গফরগাঁওয়ের ইউএনও খেন চান বলেন, ‘যা কিছু ঘটেছে, সমিরুল হক তা এজাহারে উল্লেখ করেছেন। একজন সরকারি কর্মকর্তার গায়ে যেভাবে হাত তোলা হয়েছে, তা খুবই দুঃখজনক।’অভিযোগের ব্যাপারে ফাহিম গোলন্দাজ বলেন, ‘সমিরুল হকের সঙ্গে “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের ফাইল নিয়ে আমার বিরোধ রয়েছে। তবে আমার লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নয়। আমি তাঁকে ফোন করে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছি।’ তিনি বলেন, ‘আমার সঙ্গে স্থানীয় সাংসদের বিরোধ রয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করতেই একটি মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।’স্থানীয় সাংসদ ক্যাপ্টেন (অব.) গিয়াসউদ্দিন আহমদ বলেন, ‘নিয়ম অনুযায়ী আমি প্রকল্পের কাজ করার নির্দেশ দিয়েছি। ওই কর্মকর্তাকে যারা মারধর করেছে, তারা একটি ন্যক্কারজনক কাজ ও অপরাধ করেছে।’