গফরগাঁওয়ে সহিংসতার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আজ রোববার গফরগাঁও থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার ভোট গ্রহণ চলাকালে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে দুই দফায় ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে শাজাহান (৫২) নামের এক ব্যক্তি মারা যান।

গফরগাঁও থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রিসাইডিং কর্মকর্তা শামসুল আলম বাদী হয়ে মামলাটি করেন। এতে সালটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুল করিম ও মোশারফ হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। সংঘর্ষের সময় পুলিশের হাতে আটক হওয়া সদস্য প্রার্থী মোশারফকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোশারফ হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।