গফরগাঁওয়ে সাংসদ-উপজেলা চেয়ারম্যান দ্বন্দ্ব!
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় মেয়র পদপ্রার্থী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ গিয়াসউদ্দিন আহাম্মেদের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেলের বিরোধ এখন চরমে। সাংসদ সমর্থন দিচ্ছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আলতাফ হোসেন কলেজের শিক্ষক মো. মতিউর রহমানকে। ফাহমি গোলন্দাজের সমর্থিত প্রার্থী হলেন ব্যবসায়ী ইকবাল হোসেন। এর বাইরেও আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য কায়সার আহমেদ ও বর্তমান পৌর মেয়র মো. মুনজুর মিঞা।কায়সারকে সমর্থন দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাল আহমেদ ও সাবেক সাংসদ আবুল হাশেম। মুনজুর মিঞা দলের উল্লেখযোগ্য কারও সমর্থন পাচ্ছেন না।অন্যদিকে মেয়র পদে বিএনপির প্রার্থী রয়েছেন তিনজন। তাঁদের মধ্যে কেন্দ্র-সমর্থিত পৌর বিএনপির সভাপতি মো. ফজলুল হককে সমর্থন দিচ্ছেন গত সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সিদ্দিকুর রহমান। অপর প্রার্থী ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ আবদুল মতিনকে সমর্থন দিচ্ছেন সিদ্দিকুরের বড় ভাই ফজলুর রহমান। অন্য প্রার্থী হলেন গফরগাঁও সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা প্রবাসী মো. ফখরুল হাসান।গফরগাঁও পৌরসভায় নয়টি ওয়ার্ড, ভোটারসংখ্যা ১৫ হাজার ৯৯৩। মেয়র পদে প্রার্থী দুই দলে সাতজন। সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের পাল্টাপাল্টি প্রার্থীর কারণে শেষ মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রিটার্নিং কর্মকর্তা আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘নির্বাচনের বর্তমান পরিবেশ ও বিগত সময়ের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে আমরা নয়টি ওয়ার্ডের ১০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করছি।’গত শুক্রবার বিকেলে ষোলহাসিয়া এলাকায় ভোটারদের টাকা বিলানোর অভিযোগে লোকজন মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেনের মামা বিএনপির নেতা আকতার হোসেনকে ধরে পুলিশে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালত আকতারের কাছে থাকা ৩২ হাজার ২০০ টাকা বাজেয়াপ্ত করেন এবং তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন। থানায় এই বিচার চলাকালে থানার সামনে আকতারের পক্ষে-বিপক্ষে মিছিল করে আওয়ামী লীগের তিন প্রার্থীর সমর্থকেরা।শনিবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় কায়সার আহমেদকে এবং ইকবাল হোসেনের পক্ষে কাজ করায় ফাহমি গোলন্দাজকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।সাংসদ গিয়াসউদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘দুপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিদ্রোহী প্রার্থী ও তাঁদের সমর্থকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছি।’ তিনি জানান, ফাহমির প্রার্থী ইকবাল আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কেউ নন। তাঁর পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।ফাহমি গোলন্দাজ বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে জানান, আওয়ামী লীগের উপজেলা কমিটি নেই, পৌর আওয়ামী লীগের কমিটিও প্রস্তাবিত। দলকে বাঁচিয়ে রাখার স্বার্থে তিনি সাংসদ গিয়াসের প্রার্থীর বিরুদ্ধে কাজ করছেন। তাঁর প্রার্থীর বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ তোলা হচ্ছে ষড়যন্ত্রের অংশ হিসেবে।এদিকে মেয়র পদপ্রার্থী কায়সার আহমেদ বলেন, প্রথমে কেন্দ্রের সমর্থন ছিল তাঁর প্রতি। সাংসদ আচমকা একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানান, তিনি কেন্দ্রের মনোনীত প্রার্থী নন। কিন্তু এ বিষয়ে কেন্দ্র থেকে তাঁকে চিঠি দেওয়া হয়নি। তাহলে তিনি বিদ্রোহী হলেন কী করে?পৌরবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের তিন প্রার্থী (বর্তমান মেয়র বাদে) ও বিএনপির কেন্দ্র সমর্থিত প্রার্থীর মধ্যে। সালটিয়া ইউনিয়নের গরুর হাট এলাকায় ভোটার মনসুর মিঞা বলেন, ‘বর্তমান মেয়র মুনজুর এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি। এলাকায়ও তাঁকে দেখা যায় না।’