গফরগাঁওয়ে সাংসদের গাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ
ময়মনসিংহের গফরগাঁওয়ের সরকারদলীয় সাংসদ গিয়াস উদ্দিন আহম্মেদের গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কান্দিপাড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে উপজেলা সদরে আসার সময় রাস্তায় গাছ ফেলে পথরোধ করে কতিপয় সন্ত্রাসী এ হামলা চালায়। থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাংসদ গিয়াস উদ্দিন আহম্মেদ গতকাল বিকেলে কান্দিপাড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং বাজারে গণসংযোগ করেন। পরে গফরগাঁও সদরে সাংসদকে নিয়ে তাঁর গাড়িটি ফেরার পথে বাজারের উত্তর পাশে রাস্তায় গাছ ফেলে স্থানীয় কতিপয় সন্ত্রাসী ব্যারিকেড দেয়। গাড়ি থামালে সন্ত্রাসীরা পেছন থেকে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছুড়ে মারে। এতে সাংসদের গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। পরে তিনি গাড়ি থেকে নেমে তাঁর লাইসেন্স করা রিভলবার থেকে একটি ফাঁকা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সাংসদ গিয়াস উদ্দিন আহম্মেদ ফাঁকা গুলি ছোড়ার কথা স্বীকার করে জানান, ‘স্থানীয় সন্ত্রাসী শফিকুল ও ফখরুলের নেতৃত্বে কতিপয় চিহ্নিত সন্ত্রাসী আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। আর ওরা সবাই উপজেলা চেয়ারম্যান ফাহমী গোলন্দাজের সমর্থক।’ গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফাহমী গোলন্দাজের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোনটি ধরেননি। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। সন্ত্রাসীদের কয়েকজনকে সাংসদ চিনতে পেরেছেন।