গফরগাঁওয়ে সাংসদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে জনতাকে লক্ষ্য করে সাংসদ গিয়াস উদ্দিন আহম্মেদের গুলির ঘটনার প্রতিবাদ ও কারাবন্দী ব্যবসায়ীদের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কান্দিপাড়া বাজার বণিক সমবায় সমিতি। কান্দিপাড়া বাজার বণিক সমবায় সমিতি গতকাল বুধবার দুপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ ঘোষণা দেয়। এদিকে গফরগাঁও থানা ভেঙে নবগঠিত পাগলা থানার কার্যক্রম গতকাল শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল ও সমাবেশে বিক্ষোভকারীরা স্থানীয় সাংসদের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর বিচারের দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। এসব কর্মসূচিতে কান্দিপাড়া বাজারের ব্যবসায়ী, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেয়। সমাবেশে বক্তব্য দেন কান্দিপাড়া বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার, ব্যবসায়ী কামরুল ইসলাম, বকুল মিয়া প্রমুখ। পুলিশ সুপার গোলাম কিবরিয়া আনুষ্ঠানিকভাবে গতকাল পাগলা থানার কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুজ্জামানসহ ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এদিকে গফরগাঁও থানার সাবেক ওসি ওমর ফারুককে ধোবাউড়া থানায় বদলি করা হয়েছে। আজ হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করে আবুল বাশার প্রথম আলোকে জানান, এ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। কয়েক মাস আগে এক সভায় পাগলা থানা বাস্তবায়নের সিদ্ধান্তের পর থেকেই এর প্রতিবাদে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, হরতাল-অবরোধসহ নানা আন্দোলন কর্মসূচি পালন করছিল উপজেলার উস্থি, পাঁচবাগ, মশাখালী ইউনিয়নের লোকজন। ১৮ মে সাংসদ গিয়াস উদ্দিন কান্দিপাড়া বাজারে গণসংযোগ শেষে ফেরার সময় এলাকাবাসী রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে তাঁর গাড়িতে ভাঙচুর করে। এ সময় তিনি গুলি ছোড়েন।