গফরগাঁওয়ে হত্যা মামলার আসামি খুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সন্ত্রাসী কামরুল পালোয়ান (৪০) ওরফে হাতকাটা কামরুল খুন হয়েছেন। গতকাল সোমবার কামরুলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কামরুল স্থানীয় সাংসদ গিয়াস উদ্দিনের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ও যুবলীগের নেতা মেহেদি হাসান ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ময়মনসিংহ শহর বাইপাস সড়কের ভাটিবাড়েরা নামক স্থানে রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী কোতোয়ালি থানার পুলিশকে খবর দেয়। ুপুলিশ ঘটনাস্থলে এসে নিশ্চিত হয় যে লাশটি সন্ত্রাসী কামরুলের। নিহত কামরুল গফরগাঁও উপজেলার তললী গ্রামের বাসিন্দা।ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।গফরগাঁও থানার ওসি ওমর ফারুক জানান, ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি নিহত কামরুলের বিরুদ্ধে থানায় আরও কয়েকটি মামলা রয়েছে।গত বছরের ২৭ সেপ্টেম্বর রাতে গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের নিজ বাড়িতে যুবলীগের নেতা ইলিয়াসকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।