গফরগাঁওয়ের নির্বাচনী সংঘর্ষের মধ্যে পড়ে একজনের মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি ভোট কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে একজন মারা গেছেন। তাঁর নাম শাহজাহান। বয়স আনুমানিক ৫০ বছর। এ ছাড়া গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার দুপুরের পরে গফরগাঁওয়ের পুকুরিয়া এলাকায় পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ে। এই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
ওই কেন্দ্রে গেলে এলাকাবাসী জানান, এই ৩ নম্বর ওয়ার্ডে দুই সদস্য প্রার্থী মোশারফ হোসেন ও আবদুল করিমের কর্মী-সমর্থকদের মধ্যে সকালে এক দফা মারামারি হয়। এ ঘটনায় এ কেন্দ্রে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে। বেলা দুইটার দিকে আবারও দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে বাগোয়া গ্রামের শাহজাহান মারা যান।
আলামিন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি দৌড়াদৌড়ির মধ্যে দেখেন শাহজাহান মাটিতে লুটিয়ে পড়ে আছেন। তখন তাকে কোলে করে বাড়িতে নিয়ে যান। পরে তাঁকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আসিফ মাহমুদ প্রথম আলোকে বলেন, ওনাকে এখানে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আমরা পুরো শরীর তিনবার পরীক্ষা করে দেখেছি কোনো কাটাছেঁড়া কিংবা গুলি নেই। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ঘটনায় তাঁর হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে। তবে পুরো বিষয়টি জানা যাবে ময়নাতদন্তের পর।
চিকিৎসক আসিফ আরও বলেন, ঘটনাস্থল থেকে আরও তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। এর মধ্যে একজনের নাড়ি বের হয়ে যায়, আরেক জনের ঊরুতে ও আরেকজনের পেছনে গুলি লাগে। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ওই ঘটনার সময় পুলিশ ১০টি গুলি এবং বিজিবি আনুমানিক ৫০টি গুলি ছোড়ে।
এদিকে মৃত শাহজাহানের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্বজনেরা আহাজারি করছেন। স্ত্রী রেনু বিলাপ করে বলছিলেন, ‘আমার স্বামীকে আইন্যা দেও।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ কুমার কুন্ডু প্রথম আলোকে বেলন, তিনি শুনেছেন সংঘর্ষের মধ্যে পড়ে একজন মারা গেছেন।
এদিকে ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল ইউপিতে বিএনপির প্রার্থী মো. আলী তারা মিয়া আজ দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। কেন্দ্র দখল ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার প্রতিবাদে তিনি ভোট বর্জন করেন বলে জানান।