গফরগাঁওয়ের পাঁচ আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন¼তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই সঙ্গে এই পাঁচজনকে আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যায়ক্রমে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে তদন্ত বা অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জানুয়ারি দিন ধার্য রাখা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এই পাঁচজন হলেন খলিলুর রহমান মীর, আবুল কালাম, মো. আবদুল্লাহ, আবদুল মালেক আকন্দ ও আক্কেল আলী।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বলেছেন, দণ্ডবিধিতে ও নাশকতার অভিযোগে করা পৃথক মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার করা এই আসামিদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়। এর ধারাবাহিকতায় গতকাল পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, নির্যাতন, অপহরণ, অপহরণের পর হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো অভিযোগ পাওয়া গেছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী খোরশেদ আলম ও আবদুস সাত্তার পালোয়ান। পরে সাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের পর তিন আসামি গফরগাঁও থেকে অন্যত্র পালিয়ে যান। নিজেদের নাম পরিবর্তন করে বিভিন্ন পেশা বেছে নেন। পাঁচ আসামির মধ্যে খলিলকে ময়মনসিংহ থেকে, মালেককে ভালুকা থেকে, আবদুল্লাহকে রাজধানীর দক্ষিণখান থেকে, আক্কেল আলীকে পাবনা থেকে ও আবুল কালামকে গফরগাঁও থেকে কয়েক দিন আগে গ্রেপ্তার করা হয়।