গবাদিপশুর চারণভূমি ও খাদ্যসংকটের কারণে পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার কয়েক শ কৃষক তাঁদের প্রায় ৩০ হাজার গরু-মহিষ নিয়ে বিপাকে পড়েছেন। এ দুই উপজেলার কৃষকেরা প্রতিবছর আমন চাষের মৌসুম শেষে তাঁদের গরু-মহিষ চারণের জন্য রাঙ্গাবালীর সোনারচর, চরতাপসী ও চরছোটতাপসীর বনাঞ্চলে পাঠাতেন। এ ক্ষেত্রে বন বিভাগকে নির্ধারিত রাজস্ব দিতে হতো কৃষকদের। প্রায় ৩০ বছর ধরে আমন চাষের মৌসুম শেষে বন বিভাগের বনাঞ্চলে গবাদিপশু চারণের সুযোগ থাকায় এলাকার কৃষকেরা গবাদিপশু চারণের জন্য আলাদা কোনো চারণক্ষেত্র রাখেন না। কিন্তু চলতি বছর বন বিভাগ ওই তিনটি চরে গবাদিপশু চারণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এলাকার কৃষকেরা জানান, চলতি আমন চাষের মৌসুম শেষে তাঁরা যখন গবাদিপশু চারণের জন্য চরের বনাঞ্চলে পাঠানোর উদ্যোগ নেন, তখনই বন বিভাগ থেকে উল্লিখিত চরগুলোয় গবাদিপশু চারণের ওপর নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়। রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের কৃষক এ কে শাামসুদ্দিন প্রথম আলোকে জানান, তাঁর প্রায় দেড় শ মহিষ রয়েছে। প্রতিবছরের মতো এ বছরও আমন চাষের মৌসুম শেষে তিনি মহিষগুলো তিন মাস (ভাদ্র মাসের মাঝামাঝি সময় থেকে ১৫ কার্তিক পর্যন্ত) চারণের জন্য সোনারচরে পাঠানোর উদ্যোগ নেন। কিন্তু বন বিভাগ এ বছর বনাঞ্চলে গরু-মহিষ চারণের অনুমতি দিচ্ছে না। আর এলাকায়ও কোনো চারণভূমি নেই। এতে তাঁর মহিষগুলো ইতিমধ্যে খাদ্যাভাবে দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, ‘অ্যাতো দিন আমরা চরের বনাঞ্চলে নির্ধারিত রাজস্ব দিয়ে গরু-মহিষ চরাতে পারতাম। এই বছর আগাম কোনো নোটিশ না দিয়েই বনাঞ্চলে গরু-মহিষ ঢোকানোর ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে এ এলাকার কয়েক শ কৃষক তাঁদের প্রায় ৩০ হাজার গরু-মহিষ নিয়ে দুর্ভোগে পড়েছেন। চরের বনাঞ্চলে গরু-মহিষ চারণের অনুমতি দেওয়া না হলে এ বছর গোখাদ্যের সংকটের কারণে এ এলাকায় গবাদিপশুর মরক দেখা দিবে।’ বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জের কর্মকর্তা দেবদাস মুখার্জি জানান, ইতিমধ্যে সোনারচরকে বন্য জীবজন্তুর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। সোনারচরের পুরোনো বনাঞ্চলের পাশাপাশি নতুন করে আরও ৪০ হেক্টর জমিতে বনায়ন করা হয়েছে। চরতাপসী, চরছোটতাপসীতেও নতুন করে ২০০ হেক্টর জমিতে বনায়ন করা হয়েছে। এ অবস্থায় চর তিনটিতে গরু-মহিষ ঢোকানোর অনুমতি দেওয়া হলে বনাঞ্চল ধ্বংস হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের বিপর্যয় ঘটতে পারে। এ কারণে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই তিনটি চরের বনাঞ্চলে গবাদিপশু চারণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে প্রতিটি মহিষের জন্য মাসে সাড়ে ২২ টাকা এবং গরুর জন্য সাড়ে ১০ টাকা রাজস্ব পরিশোধ করে সোনারচর, চরতাপসী ও চরছোটতাপসীর বনাঞ্চলে গবাদিপশু চারণের সুযোগ ছিল।