গবাদিপশু পর্যবেক্ষণে গাড়ির দাবি প্রাণিসম্পদ কর্মকর্তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামপর্যায়ে গবাদিপশু লালন-পালন পর্যবেক্ষণে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা গাড়ি দাবি করেছেন। মোটরসাইকেলে পর্যবেক্ষণ করতে সমস্যা হচ্ছে উল্লেখ করে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যবেক্ষণের জন্য সরকার থেকে গাড়ি দেওয়া হয়েছে। তাই প্রাণিসম্পদ কর্মকর্তাদের জন্য গাড়ি দিতে হবে।

গতকাল বুধবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে ৫ শতাংশ সুদে ঋণ বিতরণ কর্মসূচি পর্যবেক্ষণ এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ মাংস উৎপাদনে প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যক্রম পর্যালোচনা সভা, ২০১৬’ শীর্ষক সভায় প্রাণিসম্পদ কর্মকর্তারা এ দাবি জানান। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ কর্মকর্তাদের দাবির সঙ্গে একমত প্রকাশ করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের মাঠ পরিদর্শনের জন্য গাড়ি দেওয়ার বিষয়টি আমি সরকারের কাছে উত্থাপন করব।’

সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা বলেন, আগে গ্রামীণ পর্যায়ে কৃষিঋণের ২৫ শতাংশ দিত ব্যাংকগুলো। এখন ৮০ শতাংশই বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক দিয়ে থাকে। গবাদিপশু উৎপাদন ও লালন-পালন বাবদ এ পর্যন্ত ৬৫ কোটি টাকা ঋণ দেওয়ার তথ্য উল্লেখ করে তিনি বলেন, ওই ঋণের টাকা যথাযথভাবে ব্যবহৃত হলো কি না, তা প্রাণিসম্পদ কর্মকর্তাদের তদারক করতে হবে। কেননা, অনেক ক্ষেত্রে দেখা গেছে যথার্থ লোক ওই ঋণ পায়নি।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ বলেন, কৃষকেরা ঋণ নিয়ে গরু কিনে তা আবার বেচে দিচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে হবে। প্রাণিসম্পদ কর্মকর্তারা ব্যাংকগুলো থেকে ঋণগ্রহীতাদের তালিকা নিয়ে পর্যবেক্ষণ করতে পারেন। গবাদিপশুবিষয়ক অন্য প্রকল্পে ১০ থেকে ১২ শতাংশ সুদে ঋণ দেওয়া হলেও এই প্রকল্পে ৫ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, স্বল্প সুদের এই ঋণ অন্য খাতে ব্যবহৃত হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব প্রাণিসম্পদ কর্মকর্তাদের। তাঁরা তা করছেন কি না, প্রশ্ন তোলেন তিনি।

সভায় প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক প্রাণিসম্পদ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘ঋণের টাকা যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে কি না, তা আপনাদের পর্যবেক্ষণ করতে হবে। আসন্ন কোরবানি ঈদে যাতে দেশি গরু দিয়ে চাহিদা মেটানো যায়, সে জন্য কাজ করতে হবে।’

সভায় গরু লালন-পালন কর্মসূচির বিষয়ে উপস্থাপনা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হোসেন ও প্রাণিসম্পদ অর্থনীতি শাখার মো. গোলাম রব্বানী।