গবাদিপশু পারাপারের তিন সেতুও কাজে আসছে না
গবাদিপশুর খাল পারাপারের জন্য ১৫ লাখ টাকা খরচ করে বগুড়ার সোনাতলা উপজেলায় এক কিলোমিটারের মধ্যে তিনটি সেতু নির্মাণ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা বিএডিসি। কিন্তু সংযোগ সড়ক না হওয়ায় গরু-ছাগল তো দূরের কথা, সেতু দিয়ে এখন মানুষও পার হতে পারে না।সোনাতলার জোড়গাছা ইউনিয়নের সিঙ্গেরপাড়া ও চকচকিয়া খালের ওপর গত অর্থবছরে কাছাকাছি ওই তিনটি সেতু নির্মাণ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, জোড়গাছা গ্রামে ওই খালের ওপর বড় একটি সেতু থাকার পরও এর কাছাকাছি আরও দুটি সেতু অযৌক্তিকভাবে নির্মাণ করা হয়েছে। সরকারি অর্থ লোপাটের উদ্দেশ্যেই এ কাজ করা হয়েছে।বিএডিসি বগুড়ার ক্ষুদ্র সেচ উন্নয়নে জরিপ ও পরিবীক্ষণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান খান জানান, ওই খালে সেতু (ক্যাটল ক্রসিং) নির্মাণে বিএডিসি রাজি ছিল না। কিন্তু গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একজন চেয়ারম্যান প্রার্থীর অনুরোধে বিএডিসি রাজি হয়। গরু-ছাগল পারাপারের জন্য সেতুগুলো নির্মাণ করা হলেও খালের আয়তনের চেয়ে সেগুলো ছোট হওয়ায় তা কাজে আসছে না।বিএডিসি বগুড়ার ক্ষুদ্র সেচ উন্নয়নে জরিপ ও পরিবীক্ষণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সোনাতলা, সারিয়াকান্দি, গাবতলী, ধুনট, শেরপুর ও শিবগঞ্জ উপজেলায় নয় কোটি ৬৬ লাখ টাকার একটি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় সোনাতলা উপজেলার সিঙ্গেরপাড়া ও চকচকিয়া খালে কৃষিকাজে ব্যবহারের জন্য আপৎকালীন পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। পানি সংরক্ষণের জন্য প্রায় এক কোটি টাকা খরচ করে খাল পুনঃ খনন করা হয়। আর জোড়গাছা গ্রামে সিঙ্গেরপাড়া খালে পাশাপাশি দুটি ও মধ্যদীঘলকান্দি গ্রাম থেকে রেল সড়কের চকচকিয়া খালের ওপর অন্য একটি সেতু নির্মাণ করা হয়। তিনটি সেতু নির্মাণে ব্যয় হয় প্রায় ১৫ লাখ টাকা।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, গরু-ছাগল পারাপারের জন্য এসব সেতু করা হলেও সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে মানুষও পারাপার হতে পারছে না। আবার আপৎকালীন পানি সংরক্ষণের কোটি টাকা খরচ করে খাল খনন করা হলেও খালে এক ফোঁটা পানি নেই। জোড়গাছা গ্রামের কৃষক নাজির উদ্দিন বলেন, ‘বাঁশের মই বানাইয়া সেতুত ওঠা নাগিচ্চে। এডা তো না হওয়ায় ভালো ছিল।’ গৃহবধূ শ্যামলী বলেন, খালের মধ্যে একটা সাঁকো বানাইয়া থুচে। দুই পাশে মাটি নাই। এডা ক্যাংকা সাঁকো।’ জোড়গাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ৩০ ফুট খালে ২০ ফুটের সেতু দেওয়া হয়েছে। দুই পাশে এখনো ১০ ফুট খাল রয়েছে। নকশায় ভুল ছিল বলেই সেতুগুলো কোনো কাজে আসছে না। ইউপির পক্ষ থেকে পর্যায়ক্রমে সেতুগুলোর দুই পাশে মাটি ভরাট করা হবে। বিএডিসির ক্ষুদ্র সেচ উন্নয়নে জরিপ ও পরীবিক্ষণ প্রকল্পের বগুড়ার নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান খান বলেন, সংযোগ সড়ক নির্মাণে কোনো বরাদ্দ ছিল না। সংযোগ সড়ক করা হলে সেতুগুলো শুধু গরু-ছাগল পারাপারের জন্যই নয়; মানুষেরও কাজে আসবে। আর কোটি টাকার খালে পানি না থাকলেও আমন মৌসুমে বীজতলা তৈরি ও আপৎকালীন সেচের পানি মজুদে এ খাল অবশ্যই কৃষকের উপকারে আসবে।