গবাদিপশুর নকল ওষুধ বিক্রির দায়ে দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল ও নকল গবাদিপশুর ওষুধ বিক্রির দায়ে একটি ওষুধ কোম্পানির দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থ জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। ওই ওষুধ কোম্পানিটি ভারত ও সিঙ্গাপুরের বিখ্যাত কয়েকটি কোম্পানির নামে ওষুধ উত্পাদন করছিল।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্লবীতে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি হলেন ভেটেরিনারি চিকিত্সক আশরাফুল আলম চৌধুরী ও তাঁর সহযোগী ভেটেরিনারি চিকিত্সক এনাম আহমেদ। আশরাফুল রাজধানীর পল্লবীর বি ব্লকের ১২ নম্বর সেকশনের ছয়তলা বাড়ির নিচতলায় গ্যারেজে রেডিয়াস অ্যাগ্রোকেয়ার নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই প্রতিষ্ঠানে ভারত ও সিঙ্গাপুরের বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানির নামে গবাদিপশুর ভেজাল ও নকল ওষুধ তৈরি করা হতো। এ বিষয়ে অবহিত হওয়ার পর র্যাব-৪ ওই প্রতিষ্ঠানের ওপর নজরদারি করা শুরু করে।
আজ র্যাব-৪-এর একটি দল ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও নকল ওষুধ উদ্ধার করে। পরে প্রতিষ্ঠানের মালিক আশরাফুলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং তাঁর সহযোগী এনামকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমীন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই প্রতিষ্ঠানে ভারতের বিখ্যাত গিভেট রেমেডিস ও ইন্ডিয়ান হার্বস রিসার্চ অ্যান্ড সাপ্লাই কোম্পানি লিমিটেড কোম্পানির নামে নকল ও ভেজাল রেডিলিভ লিকুইড, রেডিভিট-ডিবি, ট্রান্সকাল প্লাস লিকুইড ও লিভোলিভ লিকুইড ওষুধ তৈরি করা হচ্ছিল। এ ছাড়া সিঙ্গাপুরের বিখ্যাত বেনটলি অ্যাগ্রি নিউট্রিশন এশিয়া লিমিটেডের নামের ভেজাল পলস্ট্রেস ড্রাই ওষুধ তৈরি করা হতো। র্যাবের অভিযান চালিয়ে আধা লিটারের ৯৫০টি রেডিলিভ লিকুইডের বোতল, রেডিলিভ-ডিবির এক কেজি ওজনের ১০০ প্যাকেট, ট্রান্সকাল প্লাস লিকুইডের ২০ লিটার তরল ওষুধ, লিভোলিভ লিকুইড ২০ লিটার, পলস্ট্রেস ড্রাইয়ের ১০ কেজি ওষুধ, পাঁচ বস্তা কাঁচামাল, ৩০টি কনটেইনার এবং দুই হাজার বিভিন্ন প্রকার ওষুধের মোড়ক জব্দ করা হয়।