গরুর সঙ্গে ধাক্কা, ডেমু ট্রেন লাইনচ্যুত!
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী-মাইজদী রেললাইনের গনিপুর এলাকায় একটি গরু সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে যাত্রীবাহী ডেমু ট্রেন। আজ রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার পর থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নোয়াখালী-লাকসাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য কুমিল্লার লাকসাম স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, লাকসাম থেকে ছেড়ে আসা ডেমু ট্রেনটি বিকেল পাঁচটার দিকে স্টেশনের আনুমানিক ৩০০ গজ উত্তরে গনিপুর এলাকায় লাইনের ওপর থাকা একটি গরুকে ধাক্কা দেয়। এ কারণে ট্রেনটির ইঞ্জিনসহ একটি বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে বগিগুলো লাইনের ওপর দাঁড়িয়ে থাকায় যাত্রীদের কেউ হতাহত হয়নি। গরুটি ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর চৌমুহনী রেলস্টেশনের মাস্টারসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে ট্রেনটি উদ্ধারের জন্য লাকসাম স্টেশনে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়। একই সময় ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। তারা রেললাইন থেকে গরুটিকে সরিয়ে নেয়।
এ ব্যাপারে চৌমুহনী রেলস্টেশনের মাস্টার মো. আসাদুজ্জামান রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ট্রেনটি সোনাইমুড়ী স্টেশন থেকে ছেড়ে এসে চৌমুহনী স্টেশনে পৌঁছার আগে গরুর সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। লাকসাম থেকে আসা উদ্ধারকারী ট্রেনের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।
মো. আসাদুজ্জামান আরও বলেন, দুর্ঘটনার কারণে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লাকসাম থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা এবং ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। তবে আগামীকাল সকালে ঢাকামুখী উপকূল এক্সপ্রেস যথারীতি নোয়াখালী ছেড়ে যাবে। ফায়ার সার্ভিসের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, রেললাইনের ওপর থাকা গরুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির ইঞ্জিনসহ একটি বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি। হুমায়ুন কবির আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন আসছে বলে তাঁদের জানিয়েছেন চৌমুহনী রেলস্টেশনের মাস্টার আসাদুজ্জামান।