গবেষক দলের বন্যাসহিষ্ণু জাতের ধান পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলমগ্ন বন্যাসহিষ্ণু জাত ব্রিধান-৫১, ব্রিধান-৫২, বিনাধান-১১ ও বিনাধান-১২-এর পর্যবেক্ষণ করতে বিদেশি ধান গবেষকদের একটি দল কুড়িগ্রাম ও নাগেশ্বরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। গবেষক দলটি গতকাল রোববার জেলার বন্যাকবলিত এলাকার ধান দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় বর্তমানে কী অবস্থা হয়েছে তা দেখতে আসেন। এ সময় তাঁরা কৃষকদের সঙ্গেও মতবিনিময় করেন।
গতকাল সকালে ইতালির রোমের আইএফএডির সিনিয়র প্রোগ্রাম অফিসার মালু মুইয়া নাভি, ইসি অ্যাডভাইজার বালদুইন জিমার, ইরি ইন্ডিয়ার প্রতিনিধি ও স্ট্রাসা প্রকল্পের সাউথ এশিয়ার রিজিওনাল কো-অর্ডিনেটর ইউ এস সিং, ইরি-স্ট্রাসার প্রজেক্ট সায়েন্টিস্ট এম এ বারি, কুড়িগ্রাম খামারবাড়ি উপপরিচালক শওকত আলী, আরডিআরএস রংপুরের সহকারী সমন্বয়ক আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
দলটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর, বেলগাছা ও নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী এলাকার জলমগ্ন ধানখেত পরিদর্শন করে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, গবেষক দলটি কুড়িগ্রামে দুই দফার বন্যায় ফসলের ব্যাপক ক্ষতির পর বন্যাসহিষ্ণু জাতের ধানগুলো কতটুকু টিকে আছে সে ব্যাপারে খোঁজখবর নেয়।
গত বন্যায় জেলায় ১ লাখ ৪ হাজার ৮৯১ হেক্টর ফসলি জমিতে এ জাতের ধান চাষ করা হয়। এর মধ্যে ৮ হাজার ৯৫৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়। গড়ে ১০ থেকে ২৫ দিন পর্যন্ত বন্যার পানি স্থায়ী হওয়ায় স্থানীয় ও জলমগ্নসহিষ্ণু জাতের ধানগুলো ক্ষতিগ্রস্ত হয়। যেসব এলাকায় অনধিক ১৮ দিন পর্যন্ত পানি ছিল সেসব জায়গায় স্থানীয় জাতের ধানগুলো পচে গেলেও জলমগ্নসহিষ্ণু জাতের ধানগুলো টিকে যায়।
যাত্রাপুর ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামের কৃষক জুলহাস বলেন, ‘আমি চলতি বছর ৪০ শতক জমিতে বিনাধান-১২ লাগিয়েছি। আমার জমির প্লটে শতাধিক কৃষক স্থানীয় জাতের ধান লাগায়। এখানে ১৯ দিন পর্যন্ত পানি ছিল। আমার জমির ধান ছাড়া বাকি সব জমির ধান পচে নষ্ট হয়ে গেছে।’
কুড়িগ্রাম খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ শওকত আলী বলেন, ‘এর আগে সর্বোচ্চ ১০-১২ দিন বন্যাসহিষ্ণু ধান আমরা পেয়েছি। কিন্তু বিনা-১১ পানির নিচে ২০-২৫ দিন থাকলেও নষ্ট হয় না।’