‘আমাদের দেশের বিভিন্ন সমস্যা সমাধানে একটি গবেষণাবান্ধব কাঠামো গড়ে তুলবে হবে। আমরা সরকারের পক্ষ থেকে একটি বিনিয়োগ করার চেষ্টা করছি। ওই বিনিয়োগের আওতায় আমরা খেয়ে, না-খেয়ে যেভাবেই হোক গবেষণার জন্য অর্থ বরাদ্দ দেব। যাঁরা নামসর্বস্ব নন, প্রকৃতপক্ষেই গবেষক, তাঁদের চাকরির বেতন ও বয়সের কোনো সীমা থাকবে না। আমরা সে রকম আইন করব।’
গতকাল রোববার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার, অর্থনীতি বিভাগের শিক্ষক রেজা-ই-করিম খন্দকার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল আহমদ চৌধুরী, প্রথম বর্ষ ভর্তি কমিটির সভাপতি নারায়ণ সাহা ও সদস্যসচিব মুশতাক আহমদ, প্রক্টর কামরুজ্জামান চৌধুরী প্রমুখ।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘যাঁরা প্রকৃতপক্ষে গবেষক, তাঁরা “ব্ল্যাংক চেক” দিয়ে বেতন নিতে পারবেন। আমরা সেই রকম গবেষক চাই, যিনি আমাদের নতুন জ্ঞানের সন্ধান দেবেন। যে জ্ঞান দেশের বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহৃত হবে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বিনিয়োগ করা মানেই মুনাফা বেরিয়ে আসবে, এ চিন্তা থেকে অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলেছেন। সেই চিন্তা থেকে সবাইকে সরিয়ে আনা সম্ভব হয়েছে, তা নয়। দু-একটি ফ্ল্যাট ভাড়া করে সনদ বিক্রি করার মতো অবস্থা ছিল। আমরা ২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন করে এখন অধিকাংশকে নিজস্ব জায়গায় নিয়ে যাওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।