গবেষণা ও বাস্তবায়ন একযোগে হতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে বিশেষায়িত গবেষণার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছেন, গবেষণা ও বাস্তবায়ন একযোগে হতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের (এনসিএসটি) সপ্তম বৈঠকে সভাপতিত্বকালে এ কথা বলেন। খবর বাসস।বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপের অধীনে মাসিক ভাতা ২০ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাওড় ও জলাশয় উন্নয়ন বোর্ডের একটি গবেষণা প্রকল্পসহ বিভিন্ন প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি নীতি-২০১১-এর আলোকে গৃহীত কর্মপরিকল্পনা চূড়ান্ত ও বাস্তবায়নের প্রয়োজনীয় নির্দেশ ও দিকনির্দেশনা দেন। তিনি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তহবিল গঠন করে স্বনির্ভর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলে ধান ও উত্তরাঞ্চলে ভুট্টাসহ বিভিন্ন অর্থকরী ফসল উৎপাদনে আরও জোর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।