জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা মুখস্থনির্ভর। শৈশবেই শিক্ষার্থীদের সৃজনশীলতা আমরা নষ্ট করে দিই। দেশের শিক্ষাব্যবস্থাটা যদি সঠিকভাবে সাজানো হয়, তাহলে আমরা আমাদের ছেলেমেয়েদের কাছ থেকে অনেক বড় কিছু অর্জন আশা করতে পারি।’মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘গবেষণাধর্মী শিক্ষাব্যবস্থা থেকে আমরা ক্রমেই বের হয়ে আসছি। এর ফলে এ দেশ থেকে ধীরে ধীরে সৃষ্টিশীলতা হারিয়ে যাচ্ছে। গবেষণা ছাড়া শিক্ষা মূল্যহীন। তাই সংগত কারণেই গবেষণাধর্মী শিক্ষাব্যবস্থার ওপর আরও গুরুত্বারোপ করা প্রয়োজন।’গতকাল সোমবার সকালে সিলেটের লিডিং ইউনিভার্সিটি মিলনায়তনে ‘রিসার্চ মেথোডোলজি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল এ কথাগুলো বলেন। ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. কবির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুশান্ত কুমার দাশ। স্বাগত বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এম ওয়াসিম বারী।মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, ‘আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো পূর্ণাঙ্গতা পায়নি। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো খুব বেশি গবেষণা হয় না। গবেষণার বিষয়বস্তু আমাদের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যা আমাদেরই সংগ্রহ করতে হবে এবং এটাই রিসার্চ মেথোডোলজির প্রথম শর্ত।’ তিনি আরও বলেন, ‘গবেষণার ক্ষেত্রে কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। কারণ এগুলোর মাধ্যমে গবেষণার দুর্বলতা ও সবলতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।’