গবেষণা জাহাজে বাড়বে ইলিশ উৎপাদন: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, খুলনা শিপইয়ার্ডে নবনির্মিত ইলিশ গবেষণা জাহাজ দেশের ইলিশ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করবে। খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জন্য নতুন একটি ইলিশ গবেষণা জাহাজ তৈরি করা হয়েছে। গতকাল মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নবনির্মিত জাহাজটি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কাছে হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আক্তার হোসেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘ইলিশ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। অতীতের চেয়ে এখন বেশি ইলিশ উৎপাদিত হচ্ছে। তবে ইলিশের সাময়িক উৎপাদন বৃদ্ধি নয় বরং গবেষণার মাধ্যমে আমরা ইলিশ উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি করতে চাই। ইলিশ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ইলিশের গুণগত মান আমরা নিশ্চিত করতে চাই।’ তিনি আরও বলেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ইলিশ যাতে বিপন্ন না হয়ে পড়ে, এ জন্য আমাদের গবেষণা ইনস্টিটিউট রয়েছে, বিভিন্ন গবেষণাগার রয়েছে। ইলিশ গবেষণার ক্ষেত্রে গবেষণা জাহাজ বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই নদীমাতৃক বাংলাদেশে যেন পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ইলিশ পাওয়া যায়।’
মন্ত্রী আরও বলেন, ‘খুলনা শিপইয়ার্ডে গবেষণা জাহাজ তৈরি আমাদের সক্ষমতার পরিচয়। জাহাজ নির্মাণে ভবিষ্যতে আমরা আর বিদেশের ওপর নির্ভর করব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলেন, আমাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আজ দেশের মানুষের সাংবিধানিক মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে।’
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় খুলনা শিপইয়ার্ড লিমিটেড এ গবেষণা জাহাজ নির্মাণ করেছে। ৮৬ ফুট দৈর্ঘ্য ও ১৯ দশমিক ৬৮ ফুট প্রস্থের এ জাহাজে ফিশ ফাইন্ডার, ইকো সাউন্ডার, নেভিগেশন এবং অত্যাধুনিক টেলিযোগাযোগব্যবস্থা, অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি, আধুনিক ইলিশ গবেষণাগার, নেটিং সিস্টেম, পোর্টেবল মিনি হ্যাচারিসহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। জাহাজটি দিয়ে নদী ও সাগরের মোহনায় ইলিশের প্রজনন এবং বিচরণক্ষেত্রের পরিবর্তন পর্যবেক্ষণ এবং নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব হবে। এ ছাড়া ইলিশের সর্বোচ্চ সহনশীল উৎপাদন, ইলিশের গতিবিদ্যা, জীবনচক্র ও উৎপাদনশীলতার ওপর পরিবেশ ও জলবায়ুগত প্রভাব নির্ণয়সংক্রান্ত গবেষণা করা হবে।