রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ১৩তম দ্বিবার্ষিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, ‘আপনারা জানেন, পৃষ্ঠপোষকতা ছাড়া শিল্প, সাহিত্য ও গবেষণা প্রসার লাভ করতে পারে না। আমি বিশ্বাস করি, জাতীয় উন্নয়নের দিকনির্দেশনা প্রদানে আমাদের প্রথিতযশা পণ্ডিতদের মেধা, জ্ঞান ও প্রজ্ঞা বিশেষ ভূমিকা রাখবে।’এশিয়াটিক সোসাইটিকে দেশের মর্যাদাপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে শিক্ষা, গবেষণা ও মানবসম্পদের উন্নয়নে ৫০ বছরেরও বেশি সময় ধরে প্রশংসাযোগ্য ভূমিকা পালন করে চলেছে এ সোসাইটি। উল্লেখ্য, রাষ্ট্রপতি এশিয়াটিক সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক।তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ: রাষ্ট্রপতি জিল্লুর রহমান জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে যথাযথ ভূমিকা পালনের জন্য নবগঠিত তথ্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল বঙ্গভবনে তাঁর কাছে প্রধান তথ্য কমিশনার এম আজিজুর রহমান কমিশনের প্রথম বার্ষিক প্রতিবেদন পেশ করার সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান।এ সময় প্রধান তথ্য কর্মকর্তা কমিশনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে বলেন, তাঁরা তথ্য অধিকার আইন-২০০৯-এর বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী প্রচারাভিযান চালাচ্ছেন।তথ্য কমিশনার সাদেকা হালিম এ সময় প্রধান তথ্য কর্মকর্তার সঙ্গে ছিলেন।