সরকারের উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) ‘শিক্ষাসংক্রান্ত উদ্ভাবনী তহবিলের’ মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার জন্য তৃতীয় পর্বের উপপ্রকল্প প্রস্তাব আহ্বান করা হয়েছে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভাগ, অনুষদ, ইনস্টিটিউট অথবা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় এই প্রস্তাব দিতে পারবে।
গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, হেকেপের পরিচালক কানিজ ফাতেমা প্রমুখ।
কানিজ ফাতেমা জানান, আগামী ১৫ মার্চ পর্যন্ত এই উপপ্রকল্প প্রস্তাব পাঠানো যাবে। এরপর সেগুলো যাচাই-বাছাই করার পর যেসব উপপ্রকল্প চূড়ান্তভাবে নির্বাচিত হবে, সেগুলোর বিপরীতে অর্থ বরাদ্দ দেওয়া হবে। বাছাইকৃত প্রতি উপপ্রকল্পের জন্য সর্বনিম্ন ২৫ লাখ থেকে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। এই কাজের জন্য মোট বরাদ্দ রয়েছে ২৪০ কোটি টাকা।
উল্লেখ্য, হেকেপ প্রকল্প ইউজিসির অধীনে পরিচালিত হয়।