গবেষণাগার উদ্বোধন
চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ভবনে গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে একটি বিশেষায়িত গবেষণা ও পরীক্ষাগার। সাড়ে ছয় শ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গবেষণাগারে যক্ষ্মা, ম্যালেরিয়া, ডায়রিয়া, জন্ডিসসহ বিভিন্ন রোগের উন্নততর গবেষণা হবে।
রুডলফ মারিও নামের বিশেষায়িত এই গবেষণাগারের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সীতাকুণ্ড আসনের সাংসদ দিদারুল আলম, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, দাতা সংস্থা ফাউন্ডেশন মেরিসের সভাপতি অ্যালেইন মারিও বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইটিআইডির পরিচালক মো. আবু তৈয়ব।
মোশাররফ হোসেন বলেন, সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থাও বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসছে। এই গবেষণাগার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।