নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গবেষণাগার ছাড়াই চলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
গবেষণাগার ছাড়াই চলছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হয়। বিভাগের আসন নির্ধারণ করা হয় ৬০টি। গত তিন বছরে এই বিভাগে ভর্তি করা হয়েছে ১৪০ জনকে। বিভাগে বর্তমানে শিক্ষক আছেন ছয়জন। তাঁদের মধ্যে একজন শিক্ষা ছুটিতে বিদেশে।
বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, বিভাগের গবেষণাগার না থাকায় শ্রেণিকক্ষে পাঠদানের বাইরে তাঁরা হাতে-কলমে তেমন কিছু শিখতে পারছেন না।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন জাহান প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা মাঝেমধ্যে শ্রেণিকক্ষে বিভিন্ন ব্যবহারিক কাজ করে দেখান। কিন্তু তাতে তাঁদের জানার কিংবা বোঝার সীমাবদ্ধতা থেকেই যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে মনে হয় বইপত্র পড়েই কোর্স শেষ করতে হবে, হাতে-কলমে কিছু শেখা হবে না।
গবেষণাগার না থাকায় বিভাগ চালাতে খুব সমস্যা হচ্ছে বলে স্বীকার করে বিভাগের চেয়ারম্যান খাদিজাতুল কুবরা প্রথম আলোকে বলেন, মাঝেমধ্যে শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানোর চেষ্টা করা হয়। তিনি বলেন, বিভাগের জন্য স্বতন্ত্র গবেষণাগার খুবই জরুরি।
উপাচার্য এম অহিদুজ্জামান বলেন, স্বতন্ত্র গবেষণাগারের জন্য বর্তমানে ক্যাম্পাসের কোনো ভবনেই জায়গা নেই। একাডেমিক ভবনের চারটি তলায় ছাত্রীরা থাকে। হল নির্মাণের কাজ শেষ হলে তাদের সেখানে স্থানান্তর করে একাডেমিক ভবনে গবেষণাগার তৈরি করে দেওয়া হবে।