যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগের আটটিতেই গবেষণাগার (ল্যাবরেটরি) নেই। এতে শিক্ষার্থীরা ব্যবহারিক কোর্সে হাতে-কলমে কিছু শেখার সুযোগ পাচ্ছেন না। তার পরও এ কোর্সের জন্য প্রতি সেমিস্টারে (ছয় মাসের) দেড় হাজার থেকে দুই হাজার টাকা করে ফি জমা দিতে হচ্ছে শিক্ষার্থীদের।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০৮-০৯ শিক্ষাবর্ষে কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, একুয়া কালচার ও ফিশারিজ, পরিবেশ বিজ্ঞান ও স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অণুজীব বিজ্ঞান বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হয়। চলতি শিক্ষাবর্ষ থেকে আরও পাঁচটি নতুন বিভাগ খোলা হয়েছে। বিভাগগুলো হলো পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশলী, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ। এর মধ্যে একমাত্র কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগে গবেষণাগার রয়েছে। যশোর শহর থেকে ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী সেখানে লেখাপড়া করছেন। তাঁদের যাতায়াতের জন্য একটি মাত্র বাস রয়েছে। বাদুড়ঝোলা হয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে যেতে হয়। সম্প্রতি ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ক্লাস শেষে ছাত্রছাত্রীরা হুড়মুড় করে বাসে উঠছেন। বাসের মধ্যে তিল ধারণের ঠাঁই নেই। এ সময় কথা হয় ফিশারিজ বিভাগের ছাত্রী তন্দ্রা রানী কুণ্ডুর সঙ্গে। তিনি বলেন, ‘লাইনের বাসে যাওয়া তো আরও বেশি ঝামেলার। গাদাগাদি করে হলেও বিশ্ববিদ্যালয়ের বাসে যাচ্ছি—এটিই সান্ত্বনা।’ আরেক শিক্ষার্থী বলেন, ‘এর পরও প্রতি ছয় মাসের সেমিস্টারে এক হাজার টাকা করে পরিবহন ফি জমা দিতে হচ্ছে। যেখানে পর্যাপ্ত পরিবহনসুবিধা দিয়েও দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবহন ফি নেওয়া হয় মাত্র ৯০ টাকা।গবেষণাগারের সুবিধা না পেয়েও শিক্ষার্থীদের কেন ফি দিতে হচ্ছে—এ প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘নতুন সংসারে সবাইকে তো কিছু না কিছু ছাড় দিতে হয়।’ পরিবহনের ব্যাপারে তিনি বলেন, ‘একটি পরিবহনের জন্য শিক্ষার্থীদের কষ্ট হয়ে যায়। যে কারণে আরও দুটি বাস কেনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পরিবহন ফি এক হাজার টাকা খুব বেশি নয় বলে মন্তব্য করেন তিনি।