গবেষণাগার স্থাপনে বিইপিআরসির সঙ্গে বুয়েটের সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুয়েট

বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ ল্যাবরেটরি (বিইপিআরএল) স্থাপনের উদ্দেশ্যে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। গবেষণাগারটি প্রাথমিকভাবে বুয়েটে স্থাপন করা হবে এবং পরে দেশের বিভিন্ন অঞ্চলে এর ফুটপ্রিন্ট স্থাপন করা হবে।

রোববার সকালে ঢাকার রমনার আইইবি ভবনে বিইপিআরসির সভাকক্ষে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান হয়। বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার ও বিইপিআরসির চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য মুহাম্মদ আলমগীর।

বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (আরআইএসই) পরিচালক মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার অনুষ্ঠানে বিইপিআর ল্যাব স্থাপনের কার্যকারিতার একটি প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইপিআরসির চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকার।

বুয়েটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণাগারটি প্রাথমিকভাবে বুয়েটে স্থাপন করা হবে এবং পরে দেশের বিভিন্ন অঞ্চলে এর ফুটপ্রিন্ট স্থাপন করা হবে।

বিইপিআরএল স্থাপিত হলে এর মাধ্যমে যেসব উদ্দেশ্য অর্জন করা যাবে, সেগুলো হলো-গবেষণাগারটি একটি কেন্দ্রীয় রিসোর্স হাব হিসেবে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক, ছাত্র ও উদ্যোক্তাদের প্রবেশাধিকার নিশ্চিত করবে; স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে প্রায়োগিক ও উদ্ভাবনী গবেষণাসংশ্লিষ্ট যোগসূত্র স্থাপনকে পৃষ্ঠপোষকতা করবে; একাডেমিক গবেষণা এবং শিল্পপ্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজনের চাহিদার মধ্যে সমন্বয় সাধনের জন্য সময়ে সময়ে প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালাসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করবে; বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন ডেটা সংরক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ডেটা শেয়ার করার জন্য একটি ডেটা রিপোজিটরি স্থাপন করবে; এবং এসডিজি লক্ষ্য বাস্তবায়নের জন্য জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিদ্যমান সমস্যার দেশীয় ও টেকসই সমাধান উদ্ভাবন করবে।