গবেষণাগারে বিস্ফোরণ, দাউ দাউ আগুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের গবেষণাগার পরিষ্কার করতে গিয়ে অ্যালকোহলের ওপরে স্পিরিট ল্যাম্প পড়ে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। এতে গবেষণাগারের যন্ত্রপাতি পুড়ে গেছে। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় বিভাগের মাস্টার্সের চার শিক্ষার্থী কাজ করছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় তাঁদের সঙ্গে কোনো শিক্ষক ছিলেন না।
শিক্ষার্থীরা জানান, সোমবার সন্ধ্যায় জেনেটিক ল্যাবে কাজ করছিলেন তাঁরা। গবেষণার সরঞ্জাম পরিষ্কার করতে গিয়ে অ্যালকোহলের ওপর স্পিরিট ল্যাম্প কাত হয়ে পড়ে যায়। এতে বিস্ফোরণের ঘটার সঙ্গে সঙ্গে আগুন পুরো গবেষণাগারে ছড়িয়ে যায়। শিক্ষার্থীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের মাত্রা বেড়ে যায়। এরপরে কার্বন ডাই-অক্সাইডের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হন শিক্ষার্থীরা। তখন তাঁরা সেখান থেকে দ্রুত বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রওশন আলী বলেন, ‘গবেষণাগারে আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো কক্ষটি অন্ধকার হয়ে যায়। আমরা ভেতর থেকে বের হয়ে এসে ফোন করে শিক্ষকদের বিষয়টি জানাই। পরে শিক্ষকেরা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গবেষণাগারে থাকা কম্পিউটার, রেফ্রিজারেটর, মাইক্রোস্কোপ, বিভিন্ন রাসায়নিক দ্রব্যসহ অধিকাংশ গবেষণা যন্ত্রপাতি পুড়ে ধ্বংস হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্পিরিট ল্যাম্পের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।