গবেষণাগারের পরীক্ষা ছাড়া 'ফল ধ্বংস' বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণাগারে পরীক্ষা ছাড়া ফলে ফরমালিন মেশানোর অজুহাতে ফল ধ্বংস করে কৃষক, ফল ব্যবসায়ী ও আমদানিকারকদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস কনজুমার্স অ্যাসোসিয়েশন (বিএফএফসিএ)।
জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার ‘ফলে ফরমালিনের সত্য-মিথ্যা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএফএফসিএর আহ্বায়ক আবদুল ওয়াদুদ অভিযোগ করে বলেন, ফলে ফরমালিন বিষয়ে সরকারের সায়েন্স ল্যাবরেটরি, বিএসটিআইয়ের প্রতিবেদনের একটির সঙ্গে অন্যটির মিল নেই। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ‘জেড ৩০০ ফরমালডিহাইড’ যন্ত্রের যে প্রতিবেদন দেওয়া হয়, সেটাও অন্যগুলোর চেয়ে ভিন্ন।
আবদুল ওয়াদুদ দাবি করেন, ‘এটি শুধু বাতাসে ফরমালডিহাইডের বাষ্প নিরূপণ করতে পারে। ফল ভেঙে গবেষণাগারে পরীক্ষা করা ছাড়া এতে কী ক্ষতিকর উপাদান আছে, তা জানা যাবে না। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে সাধারণ কৃষক ও ব্যবসায়ীদের ফল ধ্বংস করার কারণে কৃষক, ব্যবসায়ী ও আমদানিকারক প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
ফরমালিন সম্পর্কে যেসব তথ্য প্রকাশ হচ্ছে তার বেশির ভাগই বিভ্রান্তিকর—এমন অভিযোগ করে আবদুল ওয়াদুদ বলেন, এসব তথ্য জনমনে ফল সম্পর্কে আতঙ্ক সৃষ্টি করছে৷ অনেকেই ফল খাওয়া ছেড়ে দিয়েছেন৷ চাষিরা ফল চাষে নিরুৎসাহিত হচ্ছেন, অনেক ফল আমদানিকারক আমদানি বন্ধ করে দিয়েছেন, খুচরা ব্যবসায়ীরা পুঁজি হারিয়েছেন৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ফল যেন একটি অভিশাপ৷
এ ধরনের সিদ্ধান্ত দেিশ ফলের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের সুবিধা করে দিয়ে ভোক্তাদের প্রতারিত করা হচ্ছে বলে মনে করেন সংবাদ সম্মেলনের আয়োজকেরা। সংবাদ সম্মেলনে গবেষণাগারের পরীক্ষা ছাড়া ফলে ফরমালিন মেশানোর অজুহাতে ফল ধ্বংস না করা, এ বিষয়ে সরকারের বিভিন্ন সংস্থার মতবিরোধ দূর করা, সাধারণ ভোক্তাদের সহজে ফরমালিনের উপস্থিতির মাত্রা চিহ্নিতের ব্যবস্থা করা, খুচরা বাজারে ফরমালিন বিক্রি নিষিদ্ধ করা, ফল উৎপাদন-প্রক্রিয়ায় চাষিদের নজরে রাখা, কঠোর আইন করাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।
সংবাদ সম্মেলনে এসব বিষয়ের পক্ষে মত দিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইশতিয়াক মাহমুদ, রসায়ন বিভাগের অধ্যাপক নীলুফার নাহার ও বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মুহিদুস সামাদ খান।