
রহস্যজনকভাবে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসানের স্বজনেরা এখনো মনে করছেন, তাঁর গবেষণা বা লেখালেখির কারণে তিনি কোনো একটি পক্ষের বিরাগভাজন হয়ে থাকতে পারেন। এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে তাঁরা অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।
এদিকে নিখোঁজ হয়ে যাওয়ার চার দিন পর পুলিশ-র্যাব মোবাশ্বারের খোঁজ দিতে না পারলেও গোয়েন্দা সংস্থার বেনামি সূত্র ব্যবহার করে একাধিক গণমাধ্যমে গতকাল মোবাশ্বারকে নিয়ে খবর ছাপা হয়েছে। ওই সব খবরে উল্লেখ করা হয়, মোবাশ্বারের সঙ্গে জঙ্গি-সংশ্লিষ্টতার বিষয় গোয়েন্দারা খতিয়ে দেখছে।
মোবাশ্বার হাসানকে খুঁজে পেতে তদন্তকারী সংস্থাগুলোর অগ্রগতি কী জানতে র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান প্রথম আলোকে বলেন, গতকাল পর্যন্ত মোবাশ্বারের জঙ্গি-সংশ্লিতার কোনো খবর তাঁরা জানতে পারেননি। এ ধরনের কোনো তথ্য পুলিশের কাছেও নেই বলে জানিয়েছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
মোবাশ্বারের মতো গত আড়াই মাসে নিখোঁজ ১০ জনের কেউই বাড়ি ফেরেননি। এ দফায় রহস্যজনকভাবে নিখোঁজ ব্যক্তিদের তালিকায় প্রথমে আছেন ব্যবসায়ী ও বিএনপি নেতা সাদাত আহমেদ। সাংবাদিক, রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী—কারোরই কোনো হদিস দিতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে গত বছরের ১৪ অক্টোবর দিবাগত রাতে সায়েন্স ল্যাবরেটরি থেকে নিখোঁজ সরকারি কর্মকর্তা ইকবাল মাহমুদকে নিয়েও দু-একটি গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন ছাপা হয়েছিল। সে সময় র্যাব-পুলিশ তাঁর কোনো হদিস দিতে পারছিল না। সাত মাস নিখোঁজ থাকার পর ইকবাল মাহমুদকে লক্ষ্মীপুরে তাঁর বাড়ির কাছে ফেলে রেখে যায় অপহরণকারীরা। ইকবাল এখন সরকারি চাকরিতে ফিরেছেন।
মোবাশ্বার হাসানের এক স্বজন প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো মনে করি, গবেষণা ও লেখালেখিতে ভিন্নমত পোষণ করাই ওর জন্য কাল হয়েছে। তবে পত্রপত্রিকায় তাঁকে নিয়ে যে ক্যাম্পেইন শুরু হয়েছে, তা পীড়াদায়ক। গোয়েন্দা সংস্থার বরাত দেওয়া হলেও কোন গোয়েন্দা সংস্থা তা বলা হয়নি।’
তবে, মোবাশ্বার হাসানকে যাঁরা চেনেন জানেন, তাঁরা কেউই নাম প্রকাশ করে কোনো তথ্য দিতে রাজি হননি। হয়রানির শিকার হতে পারেন এই আশঙ্কা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষণাপ্রতিষ্ঠান ও তাঁর ঘনিষ্ঠজনেরা কথা বলতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘আমি ঠিক জানি না, ও এতটা ভয় পাচ্ছিল কেন।’
খোঁজ নিয়ে জানা যায়, মোবাশ্বার হাসান সবশেষ গবেষণা করছিলেন রিসলভ নেটওয়ার্কের একটি প্রকল্পের অধীনে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিস এই নেটওয়ার্কের উদ্যোক্তা। রিসলভ বিশ্বের ১০টি দেশে গবেষণা প্রকল্প পরিচালনা করছে। গত বছর অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে গবেষণার জন্য পছন্দ করে প্রতিষ্ঠানটি। গবেষণা প্রকল্পে যুক্ত ছিলেন এমন দুজন ব্যক্তি প্রথম আলোকে বলেন, ওই প্রকল্পে গণতন্ত্র, রাজনৈতিক সহিংসতা, মৌলবাদ, ধর্ম ও অসাম্প্রদায়িকতা নিয়ে গবেষকেরা কাজ করেন। এর মেয়াদ ছিল জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ওই প্রকল্পেরই একজন ফেলো ছিলেন মোবাশ্বার হাসান। তাঁর প্রবন্ধের নাম ছিল ‘দ্য ল্যাংগুয়েজ অব ইয়থ পলিটিকস ইন বাংলাদেশ: বিয়ন্ড দ্য সেক্যুলার রেলিজিয়ন বাইনারি’। মোবাশ্বার ওই প্রবন্ধ ওয়াশিংটন ডিসিতে উপস্থাপনও করেন। তাঁর প্রবন্ধে বিশ্ববিদ্যালয়ের তরুণেরা ধর্ম ও ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝেন, ধর্মচর্চা কীভাবে করছেন, বিবর্তনগুলো কোথায় হয়েছে, সে সম্পর্কে বলেন।
প্রকল্পে যুক্ত একজন গবেষক বলেন, রিসলভ নেটওয়ার্কের ওই ধারাবাহিক গবেষণায় দুটি জরিপও অন্তর্ভুক্ত ছিল। এর একটি গুণগত জরিপ ও অন্যটি সংখ্যাগত জরিপ। সংখ্যাগত জরিপে ৮ হাজার প্রশ্নের একটি তালিকা করা হয়েছিল। কিছু জটিলতার কারণে মাঝপথে সেটি বন্ধ রয়েছে।
মোবাশ্বার হাসানের নিখোঁজ হওয়া নিয়ে ক্ষোভ ও উদ্বেগ—দুই-ই বাড়ছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক মোবাশ্বার হাসানকে (সিজার) ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মোবাশ্বার হাসান নিখোঁজ হলেও তাঁর ফেসবুক সচল আছে বলে জানাচ্ছেন তাঁর বন্ধুবান্ধব। এর আগে মেসেঞ্জারে তাঁকে সক্রিয় দেখা গেছে। অর্থাৎ কেউ বার্তা দিলে তিনি দেখছেন এমনটা দেখা যাচ্ছে। তাঁরা আরও বলছেন, চাইলেই কোন আইপি অ্যাড্রেস থেকে তাঁর ফেসবুক ম্যাসেঞ্জার চলছে, সেটি খুঁজে পাওয়া সম্ভব।
মোবাশ্বারের ছোট বোন তামান্না তাসমিন ফেসবুকে লিখেছেন, ‘একটা পরিবারের প্রত্যেকটা সদস্য একটা পিলারের মতো। আমাদের এখন একটা খুঁটি নেই। সবচেয়ে মজবুত খুঁটিটাই নেই।’