যে মমত্ব ও ভালোবাসা নিয়ে তরুণেরা ক্রিকেটের পাশে থাকেন, একই রকম ভালোবাসা ও মমত্ব নিয়ে বিজ্ঞানের পাশে থাকতে হবে। এতে দেশ এগিয়ে যাবে। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী তরুণদের সঙ্গে এক আড্ডায় এ আহ্বান জানান।
বিজ্ঞানচিন্তা আয়োজিত মাসিক এ আড্ডায় অংশ নেয় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাদুশিল্পী জুয়েল আইচ, বিজ্ঞানচিন্তা সম্পাদক আব্দুল কাইয়ুম, কিশোর আলোর সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ।
আড্ডার শুরুতে সবাইকে বিজ্ঞানমনস্ক হওয়ার প্রতি জোর দেন জুয়েল আইচ। তিনি বলেন, বিজ্ঞানমনস্ক মানুষদের সামনেই তিনি ম্যাজিক দেখাতে বেশি পছন্দ করেন। কারণ, তাঁরাই তাঁর ম্যাজিক ভালোভাবে বুঝতে পারেন।
এরপরই আলোচনায় অংশ নেন জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। আড্ডায় নিজের বিজ্ঞানী হওয়ার গল্প শোনান তিনি। বলেন, শুরুতে তিনি রসায়নের ছাত্র ছিলেন। পরে যুক্ত হন জীববিজ্ঞান গবেষণায়। ১৯৯২ সাল থেকে গবেষণা করেন পিতৃহীন বীজ (এপোমিক্সিস) উৎপাদন নিয়ে। এ ধরনের গবেষণা সাফল্যের মুখ দেখে প্রথম তাঁর হাত ধরেই। পরে সারা বিশ্বে এ বিষয়ে গবেষণা শুরু হয়। এখন এ বিষয়ে বহু গবেষণা চলছে। তিনি সরিষার ক্ষেত্রে পিতৃহীন বীজ উৎপাদনে সফল হন। কিছুদিন আগে তাঁর একজন ছাত্র ধানের ক্ষেত্রেও এই গবেষণায় সাফল্য পেয়েছেন। আবেদ চৌধুরী বলেন, অস্ট্রেলিয়ায় দীর্ঘ প্রবাসজীবনের পর প্রায় এক যুগ আগে সিলেটে নিজ গ্রাম কানিহাটিতে গড়ে তোলেন একটি মাঠপর্যায়ের গবেষণাগার। সেখানে দেশীয় ধান নিয়ে বিশদ গবেষণার পাশাপাশি গড়ে তুলেছেন প্রায়-বিলুপ্ত দেশি ধানের সংগ্রহ। একসময় বাংলাদেশে প্রায় ১০ থেকে ১২ হাজার ধানের প্রচলন থাকলেও এখন বেশির ভাগই বিলুপ্ত। যেগুলো এখনো বিলুপ্ত হয়নি, সেগুলো দেশের নানা প্রান্ত থেকে তিনি সংগ্রহের চেষ্টা করছেন।
আড্ডা শেষে অংশগ্রহণকারী তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আবেদ চৌধুরী। বিজ্ঞানচিন্তার এ মাসের আয়োজনটি ছিল দ্বিতীয়বারের মতো। বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, প্রতি মাসে একজন বিজ্ঞানীর সঙ্গে তরুণদের আড্ডার এ আয়োজন করা হবে।