গবেষণার জন্য হালদা নদী থেকে উদ্ধার হওয়া ১২ কেজি ওজনের একটি মা মাছ পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। গতকাল সোমবার প্রাণিবিদ্যা বিভাগের হালদা গবেষণাগারে মাছটি হস্তান্তর করা হয়।
রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহছানুল হায়দার চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম গতকাল প্রাণিবিদ্যা বিভাগের মিলনায়তনে বিভাগের সভাপতি গাজী এস এম আসমত ও হালদা গবেষক অধ্যাপক মনজুরুল কিবরিয়ার হাতে মাছটি তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা উপস্থিত ছিলেন।
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের পর বিভাগের গবেষণার জন্য দ্বিতীয় আরেকটি হালদার মা মাছ পাওয়া গেছে। সাত বছর বয়সী কাতলাজাতীয় মাছটির ওজন ১২ কেজি। মাছটি লম্বায় প্রায় ৩ ফুট (৩৫ ইঞ্চি)। তিনি বলেন, প্রাণিবিদ্যা বিভাগে হালদা গবেষণার জন্য নতুন গবেষণাগার স্থাপন করা হয়েছে। হালদা থেকে সংগৃহীত সবকিছুই এই গবেষণাগারে রাখা হবে। হালদার মা মাছের প্রজাতি সংরক্ষণ গবেষণায় এই মাছটি সহায়তা করবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২১ মে হালদা নদীর নোয়াজিশপুর ইউনিয়নের নদিমপুর এলাকা থেকে ১২ কেজি ওজনের মাছটিকে উদ্ধার করে স্থানীয় লোকজন। তাঁরা উপজেলা প্রশাসনের কাছে মাছটি হস্তান্তর করেন। খবর পেয়ে মাছটি হালদা গবেষণাগারে হস্তান্তরের আবেদন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে সোমবার প্রাণিবিদ্যা বিভাগকে মাছটি হস্তান্তর করা হয়।