গবেষণার পরিবেশ ফিরিয়ে আনার দাবি বিজ্ঞানীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (বিআরআরআই) শ্রমিকদের হাতে কয়েকজন বিজ্ঞানী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে ব্রি বিজ্ঞানী সমিতি নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তাঁরা। বিআরআরআইয়ের মহা-পরিচালকের উপস্থিতিতে বিজ্ঞানীদের লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিজ্ঞানী সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা হয়। সভায় বিজ্ঞানীরা ওই ঘটনায় জড়িতদের এবং এর নেপথ্যে ইন্ধনদাতাদের বিচারের দাবি করেন। বিআরআরআইয়ের পরিচালকের (প্রশাসন) কক্ষে গত সোমবার সকালে খামার ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান কে পি হালদারের নেতৃত্বে বিভাগের পিএসও মো. সিরাজুল ইসলাম, এসও মো. রেজাউল মনির এবং শ্রমিক মো. আবদুল মজিদসহ কয়েকজনের সভা চলছিল। আলোচনার একপর্যায়ে খামার ব্যবস্থাপনা বিভাগের শ্রমিক মো. মামুন হোসেন ওই কক্ষে ঢুকে বিজ্ঞানীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং শ্রমিকনেতা মজিদ ও মামুন মিলিতভাবে বিজ্ঞানীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালাগাল করেন। মহাপরিচালকসহ চার বিজ্ঞানীর জিডি: জীবনের ও চাকরিস্থলের নিরাপত্তা চেয়ে মহাপরিচালক মো. সাইদুল ইসলাম, পরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহজাহান কবীর ও সহকারী পরিচালক (সাধারণ সেবা) মো. আবদুল আজিজ গত সোমবার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, ১৭ জুলাই দুপুরে বিবাদীরা বাদীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কীভাবে এ প্রতিষ্ঠানে চাকরি করেন, তা দেখে নেওয়ারও হুমকি দেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জিডি করার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।