গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করার পরামর্শ
বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করা। সে কারণে বিভিন্ন বিষয়ে গবেষণা আরও বাড়াতে শিক্ষকদের পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত হেকেপ-এর (হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রজেক্ট) ‘আত্ম-মূল্যায়নের ওপর সচেতনতা তৈরি’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন উপাচার্য। সমাজতত্ত্ব বিভাগের আয়োজনে বিভাগের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত হেকেপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজের গতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এ ধরনের সেমিনারের মাধ্যমে নিজেদের গবেষণার মান যাচাই ও মূল্যায়ন করতে পারছেন। সেমিনার থেকে আহরিত জ্ঞান শিক্ষকেরা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন বলে আশা করেন তিনি।
সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক লুৎফর নাহার বেগমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন সহ-উপাচার্য শিরীন আখতার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম।
প্রবন্ধে জাহাঙ্গীর আলম বলেন, ‘একজন মানুষকে আগে নিজেকে মূল্যায়ন করতে শিখতে হবে। এ জন্য প্রথমে প্রয়োজন আত্মসচেতনতা। আমরা অন্যের ভুল ধরতে বেশি পারদর্শী। কিন্তু অন্যের ভুল ধরার আগে নিজের ভুলের দিকে নজর দিতে হবে। এর মাধ্যমে নিজের কর্মকে মূল্যায়ন করতে হবে। এটা করা সম্ভব হলে সমাজের উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে যাবে।’