গবেষণার লক্ষ্য হতে হবে জাতির কল্যাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এতে অংশ নিয়ে বক্তারা বলেছেন, দেশ ও জাতির কল্যাণে আদর্শ মানুষ গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ে সে লক্ষে৵ই গবেষণা করতে হবে। কেবল গবেষণার জন্যই গবেষণা করা চলবে না।

‘গৌরবের ৬৪ বছর’ শীর্ষক কর্মসূচির শুরুতে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এ সময় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন ওড়ানোর পর উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন। এরপর সিনেট ভবন চত্বরে বৃক্ষরোপণের পর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টায় সিনেট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম সাইদুর রহমান খান। তিনি বলেন, কেবল গবেষণার জন্যই গবেষণা না করে দেশ ও দেশের মানুষের জন্য গবেষণা করতে হবে। তবেই বিশ্ববিদ্যালয়ের মান বাড়ার পাশাপাশি দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আলোচক হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক রকীব আহমদ।

এদিকে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ বিভিন্ন স্থাপনা, প্রধান ফটক ও ভবনগুলো সাজানো হয় বর্ণিল সাজে। সেখানে শোভা পাচ্ছে রংবেরঙের আলোকসজ্জা।