গবেষণালব্ধ জ্ঞান ছাড়া জীবনে পরিপূর্ণতা পাওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘জীবনে পরিপূর্ণতার জন্য চাই গবেষণা। গবেষণালব্ধ জ্ঞান ছাড়া জীবনে পরিপূর্ণতা পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার গুরুত্ব অপরিসীম। গবেষণা শুধু জ্ঞানচর্চা নয়, জ্ঞানের প্রসারেও অবদান রাখে।’সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি আয়োজিত ‘রিসার্চ কনফারেন্স ২০১২’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মুহম্মদ জাফর ইকবাল এ কথা বলেন। গত রোববার দিনব্যাপী রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল আজিজের সভাপতিত্বে কনফারেন্সে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক এম ওয়াসীম বারী। কনফারেন্স সম্পাদক মো. সাইফুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ইয়াসমীন হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ইয়াসমীন হক বলেন, যেখানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ একুশ বছর পর তাঁদের প্রথম রিসার্চ কনফারেন্স আয়োজন করেছে, সেখানে মাত্র নয় বছরের মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃক রিসার্চ কনফারেন্স আয়োজন সত্যিই প্রশংসনীয়।’ প্রাইভেট ইউনিভার্সিটি পর্যায়ে সিলেটে প্রথমবারের মতো এ রকম রিসার্চ কনফারেন্স আয়োজন করায় অতিথিরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী। তিনি কনফারেন্সে অংশগ্রহণকারী সব গবেষককে ধন্যবাদ জানান এবং নিয়মিত গবেষণাকার্য চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। নতুন প্রজন্মের গবেষকেরা তাঁদের গবেষণালব্ধ জ্ঞানকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেবেন বলে তৌফিক রহমান চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, অর্ধশতকের ওপরে গবেষণা প্রবন্ধের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত পর্যায়ে ১১টি প্রবন্ধ উপস্থাপনের জন্য মনোনীত হয়।