গবেষণায় উঠে এল প্রাথমিক সমাপনীর নানা অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার হলে দেখাদেখি করে উত্তরপত্র লেখা, পাসের হার বাড়াতে খাতায় নম্বর বাড়িয়ে দেওয়া, কোচিং করতে বাধ্য করাসহ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকে কেন্দ্র করে ভয়াবহ সব অনিয়ম হচ্ছে।

শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর মোর্চা গণসাক্ষরতা অভিযানের এক গবেষণা প্রতিবেদনে এসব অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদসহ কয়েকজন শিক্ষক, অভিভাবক ও বক্তা প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানও প্রতিবেদনের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেন। তবে এই পরীক্ষা বাতিলের বিষয়ে তিনি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানান। তিনি বলেন, এটা সরকারকে ভাবতে হবে। এ ছাড়া শতভাগ পাসের জন্য কোনো চাপাচাপি করা হয় না বলে তাঁর দাবি।

গণসাক্ষরতা অভিযান প্রতিবছরই এডুকেশন ওয়াচ প্রতিবেদন প্রকাশ করে। এবারের বিষয় ছিল ‘প্রাথমিক সমাপনী পরীক্ষা কোন পথে?’ মূলত গত বছর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ওপর ভিত্তি করে এবারের গবেষণা প্রতিবেদনটি করা হয়েছে। গবেষণার জন্য মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালিত হয় গত বছরের ২৪ অক্টোবর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, পরীক্ষার সময় যাদের (পরীক্ষার্থী) সাহায্যের দরকার ছিল তাদের জন্য সাহায্যের দ্বার উন্মুক্ত ছিল। পরিদর্শকেরা পরীক্ষা হলে মুঠোফোন ব্যবহার করেন এবং খুদে বার্তার মাধ্যমে হলের বাইরে থেকে প্রশ্নের উত্তর বহন করেন। তাঁরা প্রশ্নের উত্তর বলে দিয়ে বা ব্ল্যাকবোর্ডে লিখে দিয়ে পরীক্ষার্থীদের সাহায্য করেন। পরীক্ষার্থীরা যেন একে অন্যের উত্তরপত্র দেখে লিখতে পারে, পরিদর্শকেরা সে সুযোগও করে দেন। পরীক্ষার আড়াই ঘণ্টার মধ্যে শেষ ৪০ মিনিট থেকে এক ঘণ্টা পুরো পরীক্ষার হলে এক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পরীক্ষার্থীরা একে অন্যের সঙ্গে প্রশ্নের উত্তর মেলায় বা দেখে লিখে।

আবার জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি থেকে যে রকম প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়, তা অনুসরণ করে পরীক্ষকেরা বেশ উদারভাবে উত্তরপত্র মূল্যায়ন করেছেন। পাসের হার বাড়ানোর উদ্দেশ্যে অনেক পরীক্ষার্থীর নম্বর বাড়িয়ে দেওয়া হয়।

সমাপনী পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিদ্যালয়গুলোর একমাত্র মাধ্যম হলো কোচিং। সার্বিকভাবে গত বছর ৮৬ দশমিক ৩ শতাংশ বিদ্যালয় কোচিং ক্লাসের আয়োজন করেছিল। সারা বছরে বিদ্যালয়গুলো গড়ে ৪১২ ঘণ্টা কোচিং করায়। ৪৪ শতাংশ বিদ্যালয়ের সব শিক্ষকই কোচিং ক্লাসে পড়িয়েছেন।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার নামে বিভিন্ন ধরনের অনিয়মের চিত্র তুলে ধরা হয় গবেষণা প্রতিবেদনে।

অনুষ্ঠানে প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন গবেষক সমীর রঞ্জন নাথ ও আহমদ মোশতাক রাজা চৌধুরী। সূচনা বক্তব্যে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, এই পরীক্ষার নামে আরও বৈষম্য করা হচ্ছে কি না, তা ভেবে দেখার সময় এসেছে।

প্রাথমিক ও গণশিক্ষাসচিব মেজবাহ উল আলমও অনুষ্ঠানে বক্তব্য দেন।