গবেষণায় তাঁদের বিশ্বস্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন মেধাবী—(বাঁ থেকে) রাসেল দাশ, মোহাম্মদ রেজওয়ানুল হক ও মাসুদ রানা। সম্প্রতি তাঁদের গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে ‘নেচার পাবলিশার্স’ থেকে। গত ৩০ জানুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশে প্রথম আলো কার্যালয়ে এলে তাঁদের এই ছবিটি তোলা হয়  l প্রথম আলো
তিন মেধাবী—(বাঁ থেকে) রাসেল দাশ, মোহাম্মদ রেজওয়ানুল হক ও মাসুদ রানা। সম্প্রতি তাঁদের গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে ‘নেচার পাবলিশার্স’ থেকে। গত ৩০ জানুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশে প্রথম আলো কার্যালয়ে এলে তাঁদের এই ছবিটি তোলা হয় l প্রথম আলো

মাসুদ রানা, মোহাম্মদ রেজওয়ানুল হক ও রাসেল দাশ—তিনজনের বয়সের ফারাক খুব বেশি নয়। এখনো তারুণ্যের চৌকাঠ পেরোননি; অন্তত মনের দিক থেকে। কাজকর্মেও বেশ মিল। সুযোগ পেলেই সময় কাটান পরীক্ষাগারে (ল্যাব)। ভাবনার জানালা খুলে এটা-ওটা নিয়ে নাড়াচাড়া। দিন শেষে গবেষণার অগ্রগতির রেখাটা আরও বিস্তৃত করে বাড়ি ফেরা। এটা তাঁদের রুটিন কাজ।
অবশ্য এই রুটিন কাজে এসেছে বড় সাফল্য। বিশ্বস্বীকৃতি মিলেছে গবেষণার। তিনজনের গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে চিকিৎসা ও জীববিজ্ঞানের আন্তর্জাতিক গবেষণা প্রকাশক ‘নেচার পাবলিশার্স’ থেকে। সবচেয়ে মর্যাদা ও গুরুত্বপূর্ণ গবেষণাগুলো প্রকাশিত হয় ‘নেচার পাবলিশার্সের’ সাময়িকীতে। বিজ্ঞানীরা নেচার সাময়িকীর বৈজ্ঞানিক প্রবন্ধকে অভিহিত করেন ‘মেগা জার্নাল’ হিসেবে।
তিনজনই গবেষণার কাজে দেশের বাইরে আসা-যাওয়া করেন নিয়মিত। তবে গত ৩০ জানুয়ারি একসঙ্গে পাওয়া গেল তাঁদের। প্রথম আলো কার্যালয়ে আড্ডা হয় এই তিন মেধাবীর সঙ্গে। কথা বলেন তাঁদের গবেষণাকর্ম নিয়ে।
ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা
মাসুদ রানার গবেষণা ক্যানসার নিয়ে। ক্যানসারের তো অনেক ধরন; আপনি কোনটি নিয়ে কাজ করছেন? বললেন, ‘মানবদেহে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন ও বৃদ্ধিতে ক্যানসার রোগের উৎপত্তি হয়। ক্যানসার কোষ নিজেই নতুন রক্তনালি তৈরি করে পুষ্টি সরবরাহ ও শরীরের এক স্থান থেকে অন্যত্র বিস্তার ঘটায়। এই অস্বাভাবিক রক্তনালি তৈরির প্রক্রিয়া পিকেএন-৩ নামের এক বিশেষ ধরনের প্রভাবক দ্বারা প্রভাবিত হয়। পিকেএন-৩ নিষ্ক্রিয় করতে পারলে ক্যানসার কোষের পুষ্টি সরবরাহ ও বিস্তার উভয়ই নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের গবেষণায় আমরা এই ব্যাপারটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। গবেষণার এই ফলাফলে ক্যানসার রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।’
তিনি গবেষণা করছেন জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ে। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপক হিদেয়ুকি মুকাই। অথচ তিন বছর আগেও অনেকে বাঁকা চোখে তাকিয়েছিল মাসুদ রানার দিকে। চিকিৎসক হয়ে হাসপাতালে রোগীর সেবা না করে গবেষণা করবেন? তাও জাপান যাচ্ছেন গবেষণার জন্য। ‘কী-ইবা করবেন’—এমন মন্তব্য ছিল নিন্দুকের। তবে সবকিছুকে অগ্রাহ্য করে এগিয়ে গেলেন।
মাসুদ রানার চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় আগ্রহী হওয়ার কারণটাও মজার। তাঁর ভাষায়, ‘ছোটবেলায় ঘন ঘন অসুস্থ হয়ে পড়তাম। ফলে চিকিৎসক ও হাসপাতালের সঙ্গে একধরনের বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। তাই শৈশব থেকেই স্বপ্ন দেখতাম চিকিৎসক হওয়ার। স্কুল-কলেজের শিক্ষার্থী হিসেবে জাতীয় বিজ্ঞান সপ্তাহে নিয়মিত প্রকল্প নিয়ে হাজির হতাম। ১৯৮৮ সালে নটর ডেম কলেজের শিক্ষার্থী হিসেবে জাতীয় বিজ্ঞান মেলায় গজারিগাছের পাতা থেকে কাপড় ধোয়ার সোডা আবিষ্কার করে পুরস্কার জিতেছিলাম। আমি মনে করি, আমার বর্তমান গবেষণাকর্ম সেই কাজগুলোরই ধারাবাহিকতা।’
মাসুদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি) থেকে এমবিবিএস পাস করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগদান করেন সরকারি মেডিকেল কলেজে। শিক্ষকতা করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগে। ভবিষ্যতে শ্বেত রক্ত কণিকার জীবনকাল ও দেহের বিভিন্ন অংশে শ্বেত কণিকা বণ্টন নিয়ে গবেষণা করার ইচ্ছে মাসুদ রানার।
জটিল মস্তিষ্কের সহজ চিকিৎসার খোঁজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ রেজওয়ানুল হকের গবেষণা মস্তিষ্ক (নিউরো সায়েন্স) নিয়ে। তিনি বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ কাঠামো হলো মস্তিষ্কের। এর অনেকাংশ এখনো রহস্যাবৃত। এটা গঠন ও কাজের দিক দিয়ে জটিল, তবে সুশৃঙ্খল। মস্তিষ্কের গঠনের একক হলো নিউরন। এ রকম কোটি কোটি নিউরন মিলে মস্তিষ্ক গঠন করে। আমার গবেষণার বিষয় ছিল কীভাবে আলো দিয়ে নিউরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যায়। এ জন্য আমরা আলোর প্রতি সংবেদনশীল কিছু ব্যাকটেরিয়াজাত প্রোটিন দিয়ে নিউরনকে সক্রিয় কিংবা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছি। কিছু নিউরোলজিক্যাল রোগ আছে, যার কারণ নিউরনগুলো অকারণে সক্রিয় হয়ে যাওয়া। এখন আলোর প্রতি সংবেদনশীল এসব প্রোটিন দিয়ে যদি অতিমাত্রায় সক্রিয় নিউরনকে নিষ্ক্রিয় করা যায় তাহলে জিনথেরাপি ব্যবহার করে হয়তো ভবিষ্যতে মস্তিষ্কজনিত বিভিন্ন রোগের চিকিৎসা করা সম্ভব হবে।’
জাপানের তহোকু বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষণা করেছেন তিনি। তঁার গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন হিরোমো ইয়াও। সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টাল বায়োলজি ও নিউরো সায়েন্সেস বিভাগে পিএইচডি সম্পন্ন করেছেন।
রেজওয়ানের জীববিজ্ঞান নিয়ে পড়াশোনার আগ্রহ ছোটবেলা থেকেই। সবকিছুর রহস্য জানার চেষ্টা থাকত। মূলত নিয়ামক সেটাই। রেজওয়ান পড়াশোনা করেছেন সরকারি মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ভবিষ্যতে স্নায়বিক রোগ নিয়ে গবেষণা করতে চান রেজওয়ান।
সাফল্য এলেও গবেষণার জন্য ব্যক্তিজীবনে হারানোর বেদনা তাঁকে তাড়িয়ে বেড়ায়। কথাটা নিজেই তুললেন। কথা তুলে এতক্ষণ আড্ডার মেজাজে থাকা রেজওয়ানুল খানিকটা বিমর্ষ হয়ে পড়েন। বললেন, নেচারে প্রকাশিত গবেষণাকাজটি চলার সময় জাপানে অবস্থান করছিলাম। হঠাৎ দেশ থেকে ফোন এল মা মারা গেছেন। কিন্তু অবস্থা এমন ওই মুহূর্তে জাপান ছাড়তে পারছি না। কষ্ট বুকে চেপে কাজ করেছি।’
বিশুদ্ধ পানির ভাবনা আর নয়
বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ২০২৫ সালের মধ্যেও ১ দশমিক ১৮ বিলিয়ন লোক পানির সুবিধা পাবে না। এটি মোটেও কাঙ্ক্ষিত নয়। এ চিন্তা থেকেই এখন কার্বন ন্যানোটিউব মেমব্রেন (সূক্ষ্ম পর্দা) ব্যবহার করে বিদ্যুৎ ছাড়াই সমুদ্রের পানি বিশুদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন চট্টগ্রামের ছেলে রাসেল দাশ। তাঁর গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে। তিনি গবেষণা করেছেন মালয়েশিয়ান ইউনিভার্সিটি অব মালয়ের অধীনে। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক শরীফা বি. আবদুল হামিদ ও ইয়াকুব আলী। রাসেলের ইচ্ছা জীববিজ্ঞান এবং ন্যানো প্রযুক্তি ব্যবহার করে পানি থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস ও টক্সিন দূর করা। এসব প্রতিরোধ করতে পারলে পানিবাহিত রোগ অনেকাংশে কমে যাবে।
জীববিজ্ঞানে আগ্রহ সৃষ্টির উৎস কোথায়? রাসেলের সহজ স্বীকারোক্তি, ‘স্কুলজীবন থেকেই। কলেজে ব্যবহারিক ক্লাসে যেদিন নিজ চোখে পেঁয়াজের ডিএনএ দেখেছিলাম সেদিন থেকে জীববিজ্ঞানে মজে গেছি।’
ছোটবেলায় সাতকানিয়ার গ্রামেই বেড়ে ওঠা রাসেল দাশের। সাতকানিয়ার মরফলা আর এম এন স্কুল থেকে এসএসসি পাস করেন। পাকাপাকিভাবে চট্টগ্রাম শহরে আসা কলেজে পড়ার সময়। ভর্তি হন নগরের ইসলামিয়া ডিগ্রি কলেজে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে একটু হতাশা নিয়েই ভর্তি হয়েছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে (ইউএসটিসি)। তবে দমে যাননি। রাসেলের ভাষায় ঘুরে দাঁড়ানো শুরু। ইউএসটিসি থেকে বায়োটেকনোলজি বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। সেখানেই যোগ দেন শিক্ষক হিসেবে। এরপর ইউনিভার্সিটি অব মালয় থেকে পিএইচডি করেছেন। গবেষণাকাজের জন্য আমন্ত্রিত হয়ে গেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। এখন জার্মানির লেইবনিজ ইনস্টিটিউট অব সার্ফেস মডিফিকেশন ড্যাড ফেলোশিপ নিয়ে পোস্টডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন।

গবেষণা প্রবন্ধের লিংক
মাসুদ রানা: http://www.nature.com/articles/srep18979
মোহাম্মদ রেজওয়ানুল হক: http://www.nature.com/nature/journal/v521/n7550/full/nature14322.html#kr2-application-to-optogenetics
রাসেল দাশ: http://www.nature.com/srep/2016/161010/srep33572/full/srep33572.html