গভর্নরকে কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়নি
সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। কমিটির সভাপতি এম এ মান্নান গতকাল সোমবার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।সোমবার কমিটির সদস্য আলী আশরাফকে উদ্ধৃত করে আতিউর রহমানকে কারণ দর্শানো হবে বলে সংবাদ পরিবেশিত হয়। এ বিষয়ে এম এ মান্নান বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কমিটির বৈঠকে উপস্থিত না হওয়ায় সদস্যরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু গভর্নরকে কারণ দর্শাতে বলার মতো কোনো সিদ্ধান্ত হয়নি।এম এ মান্নান বলেন, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নিচের সারির কর্মকর্তাদের পাঠানো হয়েছে। এ ধরনের কাজ কমিটির জন্য অসম্মানজনক। কারণ, নিচের সারির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কোনো ফল পাওয়া যাবে না। মূলত সে জন্যই সদস্যরা অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে গভর্নর বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা বৈঠকে যোগ না দিতে পারলে তা কমিটিকে আগেই জানাতে হবে। নিচের সারির কর্মকর্তাদের পাঠানো হলে কমিটি তাঁদের গ্রহণ করবে না।