গভর্নরের কাছে প্রতিবেদন চেয়েছেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ শেয়ারহোল্ডারের অজ্ঞাতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে কীভাবে পরিবর্তন হলো—বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে তা জানতে চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, ‘এটা একটা গুরুতর বিষয়।’
কীভাবে এটা ঘটল—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি অন্য রকম ভেবেছিলাম। কারণ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) আগের প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলী ইসলামী ব্যাংকের কিছু সমস্যার কথা আমাকে জানিয়েছিলেন। আমি মনে করেছিলাম ইসলামী ব্যাংক সম্পর্কে বর্তমান আইডিবিরও একই রকমের মনোভাব রয়েছে। কিন্তু নতুন প্রেসিডেন্ট দেখছি এ ব্যাপারে কিছুই জানেন না।’
অর্থমন্ত্রী বলেন, ‘ইসলামী ব্যাংকের সাম্প্রতিক পরিবর্তন প্রক্রিয়ায় বেশির ভাগ শেয়ারহোল্ডার অংশ নিতে পারেননি—বিষয়টি কীভাবে ঘটল তা জানতে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটা প্রতিবেদন চেয়েছি। গভর্নরের বিষয়টা জানা উচিত।’
ইসলামী ব্যাংকে আইডিবির পাশাপাশি সৌদি আরব এবং কুয়েতেরও শেয়ার আছে। গত ৫ জানুয়ারি ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় যে পরিবর্তন হয়েছে, তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে অর্থমন্ত্রীকে গত ২৪ জানুয়ারি চিঠি দেন আইডিবির প্রেসিডেন্ট বন্দর এম এইচ হাজ্জার।
ভবিষ্যতে ব্যাংকটি যাতে আগের মতোই আন্তর্জাতিক মানের সুশাসন বজায় রেখে চলতে পারে, চিঠিতে সে ব্যবস্থা নিতেও অনুরোধ জানানো হয়। পাশাপাশি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ বিধিসম্মত হয়নি বলে প্রশ্ন তোলা হয়।
আইডিবি ওই চিঠির অনুলিপি দেয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনকেও। এ নিয়ে গতকাল প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।