গভর্নিং বডিতে স্থানীয় সাংসদকে চেয়ারম্যান রাখা কেন অবৈধ নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদাধিকারবলে স্থানীয় সাংসদদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান পদে রাখার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই রুল দেন। শিক্ষাসচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
২০০৯ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রবিধানমালার ৫ ও ৫০ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। গতকাল তিনিই আবেদনের পক্ষে শুনানি করেন।
পরে ইউনূছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, সাংসদদের কাজ আইন প্রণয়ন করা। কিন্তু তাঁরা এর বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান পদে থাকছেন। এ জন্য রিট আবেদন করা হয়।