গভীর খাদ, অতল দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ ভাসছে দুধকুমার নদে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে দুধকুমার। বামনডাঙ্গা থেকে অদূরেই ভারতের সীমানা। আসাম রাজ্য। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুধকুমার ভাসিয়ে দিয়েছে নাগেশ্বরী ও তার পাশের ভূরুঙ্গামারী উপজেলার বিশাল এলাকা। পানির স্রোতের সঙ্গে উজান থেকে ভেসে এসেছে শত শত মরা মুরগি, গরু আর মানুষের মৃতদেহ।

ভারত থেকে আসা বেশ কয়েকটি মরা গরু আর দুটি মানুষের মৃতদেহ আটকে থাকতে দেখা যায় বামনডাঙ্গার বোয়ালের দারা গ্রামের সড়কের কিনারা ও পাগলির পুলের কাছে। গত শুক্রবার দুপুরে এই বীভৎস দৃশ্য দেখা গেল। পানির তোড়ে নাগেশ্বরী শহর থেকে বামনডাঙ্গার গ্রামীণ পাকা সড়কটি অনেক জায়গায় ভেঙে গেছে। যানবাহন বিশেষ চলছে না। সড়কের দুই পাশে বন্যার স্রোত বয়ে যাচ্ছে। ভেলা আর নৌকাই যাতায়াতের প্রধান বাহন। বন্যার স্রোতে বিপুল পরিমাণ কচুরিপানা এসে জমেছে বোয়ালের দারা গ্রামের মুখে। সেখানে কচুরিপানায় আটকে আছে অন্তত চারটি গরুর মৃতদেহ। পচে ফুলে উঠেছে। দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে।

আরও খানিকটা সামনে একটি সরু সেতু। নাক চেপে অনেক কৌতূহলী মানুষ সেখানে ভিড় করেছে। কয়েকজন জানালেন, এটা ‘পাগলির পুল’। এখানেও অনেক কচুরিপানা আটকে গেছে। ক্রমে সেখানে জমে উঠেছে ভেসে আসা পোড়া কাঠ। লোকজন বলছে, এগুলো চিতার কাঠ। পানি ও মদের শত শত খালি বোতল, জুতা, স্যান্ডেল, একবার ব্যবহৃত থালা, গ্লাস, ককশিটের (সেলা) বাক্স, ভাঙা আসবাপত্র—এমন হরেক রকম জিনিস। এগুলোর গায়ে হিন্দিতে লেখা মোড়ক। একটি সোলার বাক্সের ভেতরে দেখা গেল শিশুর মৃতদেহ। তার অদূরেই এক তরুণীর মৃতদেহ। অনেকগুলো মরা গরু।

স্থানীয় বাসিন্দা আবদুল মালেক বললেন, সালোয়ার-কামিজ পরা তরুণীর লাশটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। গ্রামের ছোট ছেলেমেয়েরা এসব দেখে ভয় পাচ্ছে। মানুষের লাশ আর মরা গরু ও মরা মুরগির উৎকট গন্ধে এখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

দুই কুমারের কাণ্ড

দুধকুমার আর ফুলকুমার—দুই নদ বয়ে গেছে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার ওপর দিয়ে। তেমন বড় নয়, বরং শান্ত মেজাজের বলে দুই কুমার পরিচিত এলাকাবাসীর কাছে। প্রতিবছরই বর্ষায় আসাম থেকে আসা পাহাড়ি ঢলে দুই কুমার ফুলে ওঠে। তাতে কিছু কিছু এলাকা প্লাবিত হয়। স্থানীয় বাসিন্দাদের কাছে এই বন্যা স্বাভাবিক। কিন্তু এবার উজান থেকে নেমে আসা বিপুল ঢলে রীতিমতো প্রলয়ংকরী হয়ে ওঠে দুই কুমার। তারা দুই উপজেলা কেবল ভাসিয়েই দেয়নি; সড়ক, সেতু, ঘরবাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে।

গত শুক্রবার বেশ কয়েকবার খেয়ানৌকা, ট্রলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মতো যানবাহন বদলে বদলে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীর বন্যাকবলিত এলাকা ঘুরে ব্যাপক ধ্বংসের তাণ্ডব দেখতে পাই। নাগেশ্বরী বাজারে কথা হলো বেরুবাড়ী ইউনিয়নের ঠেলার ভিটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের সঙ্গে। তিনি জানালেন, স্কুল বন্ধ। সেখানে আশ্রয়কেন্দ্র। দুধকুমার, ফুলকুমার, ধরলা—সব নদনদী একাকার হয়ে গেছে। এমন বন্যা এই অঞ্চলে তাঁর স্মরণকালে দেখেননি।

১১ আগস্ট শুরু হওয়া এই আকস্মিক বন্যার পর থেকে কুড়িগ্রামের সঙ্গে জেলার সর্ব দক্ষিণের উপজেলা ভূরুঙ্গামারী, নাগেশ্বরী উপজেলার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দুই দিন ধরে নৌকায় অনেক ঘুরপথে বিকল্প যোগাযোগ চালু হলেও তা এখনো রয়েছে খুব সীমিত পরিসরে। আর ব্যয়বহুলও।

খাদের ভেতরে থাকার ঘর

খাদের পাশেই হতবিহ্বল দৃষ্টি মেলে বসে ছিলেন অজুফা। পাশে তাঁর ছোট ছোট দুই মেয়ে। স্বামী সমির উদ্দিন সকালে কোথায় গেছেন আর খোঁজ নেই। ওই খাদের ভেতরে তলিয়ে আছে তাঁর দুটি টিনের ঘর।

বন্যার দিন রাতে তাঁরা যথারীতি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ হুড়মুড় শব্দ আর লোকের চিৎকারে ঘুম ভাঙে। ঘর থেকে বাইরে ছুটে এসে অজুফা দেখেন, ঘরের পেছন দিয়ে বিপুলবেগে ঘন সাদা ফেনায় ভরা পানির স্রোত ভেসে আসছে। চোখের নিমেষে সেই জলস্রোত সড়কের একটি অংশ ধসিয়ে দিয়ে আঘাত করে সামনের মাঠে নির্মাণাধীন একটি পাকা গুদামে। পানির তোড়ে গুদামের সীমানাদেয়াল ও মূল ভবনের একটি অংশ ভেঙে ভবনের এক প্রান্ত হুমড়ি খেয়ে পড়ে। অজুফার ভাষায়, ‘য্যান কিয়ামত হবার নাগছে।’

আশপাশের গ্রাম আর ঘরবাড়ির লোক তখন বাড়ি ছেড়ে ছুটে এসে সড়কের পাশে বাঁধের মতো উঁচু রেললাইনে (ব্রিটিশ আমলে তৈরি এই রেলসড়কটি আর নেই। তবে সড়কের উঁচু জায়গা বাঁধের মতো হয়ে আছে) আশ্রয় নেয়। একটু পর পানির আরেক প্রবাহের ধাক্কায় সড়ক ভেঙে পড়ে। তার পাশেই ছিল অজুফাদের বাড়ি। চারটি পরিবারের মোট সাতটি টিনের ঘর। নিমেষে সেই ঘরগুলো পরিণত হয় গভীর খাদে।

অজুফা বলছিলেন, তিনি রাস্তায় ইট ভাঙার কাজ করেন, কৃষিজমিতে দিনমজুরি খেটে একটু একটু করে টাকা জমিয়েছেন। এ জন্য স্বামীর অনেক গালমন্দও সহ্য করতে হয়েছে। বহু কষ্টের সেই টাকায় ঘর দুটি করেছিলেন। তিনি বলছিলেন, ‘আঙ্গরে মতো গরিব মাইনষ্যে আর কী করতে পারব! জীবনে এই ঘর দুইডাই দিছিলাম।’ সেই ঘর হারানোর অতল বেদনা নিয়ে অজুফা ওই গভীর খাদের দিকে তাকিয়ে নির্বাক হয়ে যান।

খিচুড়ি নিয়ে সাঁতার

শুক্রবার সকালে কুড়িগ্রাম শহরের ধরলার ঘাটা থেকে ট্রলার ভাড়া করে নাগেশ্বরী উপজেলার দিকে যেতে যতই সামনে এগোচ্ছিলাম ততই বিধ্বস্ত ঘরবাড়ি, উপড়ে পড়া ইউক্যালিপ্টাস গাছ, বিধ্বস্ত কলার বাগান—এসব চোখে পড়ছিল। সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমোহনের চর পুরোটাই গভীর পানিতে ডুবে আছে। সেখানে দেখা গেল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নৌকায় করে পলিথিনের প্যাকেটে ভরা খিচুড়ি দুর্গতদের মধ্যে বিতরণ করছেন। চরের পানিবন্দী লোকেরা কেউ এক হাতে খিচুড়ির প্যাকেট উঁচিয়ে অন্য হাতে সাঁতার দিচ্ছেন, কেউ সাঁতার দিচ্ছেন প্যাকেট মাথায় রেখে। নাগেশ্বরী যাওয়ার পথে পাটেশ্বরীতে তিন জায়গায় মহাসড়ক ভেঙে গেছে। নৌকা ছাড়া বিকল্প পথ নেই।

সবজির দামে আগুন, চালের দাম চড়া

সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নাগেশ্বরী-ভূরুঙ্গামারীতে সবজি, চালসহ ভোগ্যপণ্যের দাম ক্ষেত্রবিশেষে দ্বিগুণেরও বেশি বেড়েছে। নাগেশ্বরীর উত্তর ব্যাপারী বাজারের ব্যবসায়ী সোহেল মিয়া বললেন, আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। বন্যার আগে ছিল ২০ টাকা। ২০-২২ টাকার পেঁয়াজ এখন ৬০-৬২ টাকা। ১০ টাকা কেজির পটোল এখন ৪০ টাকা। একইভাবে বেড়েছে কাঁচা পেঁপে, ঝিঙে, শসার দামও। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম, কেজি ছিল ১০০ টাকা এখন ২৫০।

চালের বাজারে খোঁজ নিয়ে দেখা গেল, ৫৬ টাকা কেজির মিনিকেট ৬৫; ৫২ টাকার বিআর-২৮ এখন ৫৬-৫৮ এবং মোটা চাল ৪০ টাকার স্বর্ণার দাম উঠেছে ৪৫-৪৭ টাকায়। ব্যবসায়ীরা জানালেন, কুড়িগ্রাম থেকে সাইকেল ও নৌকায় ভেঙে ভেঙে মাল আনতে হচ্ছে। এক বস্তার বেশি মালামাল একসঙ্গে আনা যায় না। নৌকায় ভাড়াও অনেক বেশি। এ কারণেই দাম বেড়েছে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম বলেন, যোগাযোগবিচ্ছিন্ন থাকায় দ্রব্যমূল্য দ্বিগুণ বেড়েছে। এখানকার ২৬৩টি বাড়িঘর ভেসে যাওয়ার প্রাথমিক খবর পেয়েছেন তিনি।

সোনাহাট স্থলবন্দর ও নাগেশ্বরী হাট বন্ধ

ভূরুঙ্গামারীর সোনাহাটে ভারতের সঙ্গে ২০১৫ সাল থেকে চালু হয়েছে স্থলবন্দর। এই বন্দর দিয়ে মূলত পাথর ও কয়লা আমদানি করা হয়। প্রতিদিন শত শত ট্রাক যাতায়াত করে। নাগেশ্বরী উপজেলা থেকে ভূরুঙ্গামারী জিরো পয়েন্ট হয়ে স্থলবন্দর পর্যন্ত সড়কটিতে গুমটিঘর, লক্ষ্মীর মোড় ও সোনাহাট ক্রসবাঁধ—এই তিন জায়গায় বিশাল এলাকাজুড়ে ভেঙে গেছে। কুড়িগ্রামের সঙ্গে যোগাযোগের এই আঞ্চলিক মহাসড়কের বহু জায়গা ধসে গেছে। কোনো রকমে ব্যাটারিচালিত অটোরিকশার মতো ছোট যান চলছে।

এ ছাড়া সোনাহাট থেকে নাগেশ্বরীর কচাকাটা পর্যন্ত অপর সড়কটিও বল্লভের খাস এলাকায় দুই জায়গায় ভেঙে গভীর খাদ হয়েছে। তাই স্থলবন্দর বন্ধ হয়েছে গছে। সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয়ে গেছে এই অঞ্চলের বিখ্যাত নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী হাট। বিশাল আকারের এই হাট মূলত গবাদি পশু কেনাবেচার জন্যই বিখ্যাত।

নাগেশ্বরী হাটের পাইকারি ব্যবসায়ী ইসাহাক আলী বললেন, সামনেই কোরবানির ঈদ। এ দুটি হাট থেকেই ভারত থেকে আমদানি করা এবং স্থানীয় লোকদের পালিত গবাদি পশু ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যায়। এবারের ঈদে আদৌ হাট বসবে কি না, সন্দেহ আছে।

জনপ্রতিনিধি বললেন

অন্ধকার তখন গভীর হয়ে নেমে এসেছে। এমন সময় দেখা গেল, ভূরুঙ্গামারী-নাগেশ্বরী এলাকার জাতীয় পার্টির সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-২) খাদের অপর প্রান্ত থেকে তাঁর লোকজনসহ রশি টেনে টেনে ভেলায় করে এপারে এসে উঠলেন। ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ তৎপরতা দেখতে গিয়েছিলেন বলে জানালেন। বললেন, পানি না নামলে ক্ষতির পরিমাণ সঠিক জানা যাবে না। সড়ক, সেতু ও বাঁধ যাতে দ্রুত মেরামত হয়, সে জন্য তিনি সংশ্লিষ্ট সচিবকে ফোনে জানিয়েছেন। ত্রাণ বিতরণ চলছে। ঘরহারা মানুষ যেন মাথা গোঁজার মতো ব্যবস্থা করতে পারে, সে জন্য আর্থিক সহায়তা দেওয়ার জন্যও প্রশাসনের উচ্চপর্যায়ে চেষ্টা চালাচ্ছেন।