গভীর জীবনকথা

‘কেন এই আত্মজীবনী’ শিরোনামের ভূমিকায় কথাসাহিত্যিক হরিশংকর জলদাস তাঁর নোনাজলে ডুবসাঁতার আত্মজীবনীটি লেখার উদ্দেশ্য সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘জন্ম আমার নোনা জলধি বঙ্গোপসাগরের কূলে। জীবনের যতটুকু পথ হাঁটা হলো, তার বাঁকে বাঁকে নোনা, তিতা অভিজ্ঞতার ছড়াছড়ি। আমার মনে হলো কাম-ঘাম-রক্ত-পুঁজ-ভালোতে-কালোতে ভরা আমার পঁয়ষট্টি বছরের যে জীবন, তার ইতিহাস লিখলে পাঠক খুব বেশি ঠকবেন না। তাই নোনাজলে ডুবসাঁতার লিখতে বসা।’
প্রথমা প্রকাশনের বই নোনাজলে ডুবসাঁতার এমন এক আত্মজীবনী, পাঠককে যার পাঠ প্রতিপদে নিয়ে যাবে লেখকের জীবনের এমন সব ঘটনার গভীরে, যা তাদের চমকিত করবে। গভীরভাবে ভাবাবে। লেখক তাঁর জীবনকথা শুরু করেছেন সমুদ্র তীরবর্তী যে জেলেপল্লিতে তাঁর জন্ম, সেই এলাকার বর্ণনা তুলে ধরার ভেতর দিয়ে। তুলে ধরেছেন তাঁর পূর্বপুরুষের কথাও। যুগ যুগ ধরে তাঁরা যে কঠোর সংগ্রামের ভেতর দিয়ে জীবন অতিবাহিত করে চলেছেন, আছে তারও অনুপুঙ্খ বিবরণ।
লেখক যে পরিবেশ-পরিস্থিতি থেকে বেরিয়ে তাঁর শিক্ষাজীবন ও লেখক জীবন শুরু করেন তা যে ফুলে ছাওয়া ছিল না, পদে পদে যে বাধার সম্মুখীন তাঁকে হতে হয়েছে, এ বইয়ে আছে তারও বিশদ বিবরণ। আত্মজীবনীটি পাওয়া যাচ্ছে বইমেলায় প্রথমার প্যাভিলিয়নে।