গভীর নলকূপ গ্রাহকদের ফি কমাল ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের নবায়ন ও নিবন্ধন ফি তিন মাসের জন্য কমিয়েছে ঢাকা ওয়াসা। গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে নারায়ণগঞ্জের নাগরিক কমিটির নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।নবায়ন ও নিবন্ধন ফি কমানোর দাবিতে দীর্ঘদিন ধরে মিছিল-সমাবেশ করছিল নাগরিক কমিটি। নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীও তাদের দাবির প্রতি সমর্থন জানান। বিষয়টি নিয়ে ওয়াসার কর্মকর্তারা বেশ কয়েকবার তাঁর সঙ্গে বৈঠকও করেন।গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিন এ খান, উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহবুবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) ও বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায়, প্রধান রাজস্ব কর্মকর্তা অহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ অঞ্চলের রাজস্ব কর্মকর্তা আবু সাঈদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সহসভাপতি রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা এন ওয়াই এম হাসমতউল্লাহ প্রমুখ।সভা শেষে রফিউর রাব্বি সাংবাদিকদের বলেন, ‘ওয়াসা কর্তৃপক্ষ নাগরিক কমিটির দাবি মেনে নিয়েছে। নারায়ণগঞ্জে হাজার হাজার আবাসিক বাড়ির যেসব মালিক পানির চাহিদা মেটাতে বাধ্য হয়ে সাব-মার্সেবল পাম্প মেশিন বসিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন করেন, তাঁদের পাইপের ব্যাস দেড় ইঞ্চি ধরে ১৫ হাজার টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে। ওয়াসা আগে ওই ফি নির্ধারণ করেছিল ৮০ হাজার টাকা। ওয়াসা পরে তা অর্ধেক কমালেও আমরা মানিনি। আমাদের আন্দোলনের মুখে ওয়াসা এখন ওই ফি ১৫ হাজার টাকা নির্ধারণ করেছে। এ ছাড়া বার্ষিক নবায়ন ফি ২৫ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা করেছে।’রফিউর রাব্বি বলেন, মিটার স্থাপনের পরে প্রতি এক হাজার লিটার পানি তিন টাকা হারে বিল পরিশোধ করতে হবে। ওয়াসা আগে ধরেছিল নয় টাকা হারে। আগামী ১ জুলাই থেকে এসব সুবিধা পাওয়া যাবে। চলবে সেপ্টেম্বর পর্যন্ত। ওয়াসার নারায়ণগঞ্জ রাজস্ব অফিস ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের এই সুবিধা দেবে। সেপ্টেম্বরের পরে গভীর নলকূপ ব্যবহারকারী নতুন গ্রাহকদের দুই ইঞ্চি ব্যাসের পাইপের হিসাবে নিবন্ধন ও নবায়ন ফি দিতে হবে।নারায়ণগঞ্জবাসীর ঐকবদ্ধ নাগরিক আন্দোলনের ফলে ওয়াসা কর্তৃপক্ষ তাদের ন্যায্য দাবি মেনে নিয়েছে বলে জানান রফিউর রাব্বি।