ওয়াসা হটাও সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন
গভীর নলকূপ ব্যবহারকারীদের ওপর ওয়াসার ফি প্রতিহত করার ঘোষণা
নারায়ণগঞ্জে গভীর নলকূপ ব্যবহারকারীদের ওপর ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের চাপিয়ে দেওয়া ফি যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ওয়াসা হটাও সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন। একই সঙ্গে তাঁদের আন্দোলন বেগবান করতে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব ইসমাইল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব রুহুল আমীন, যুগ্ম আহ্বায়ক ও সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, নগর যুবদলের সাধারণ সম্পাদক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ওয়াসার গ্রাহক হাজি আহাম্মদ আলী, এম এ সাত্তার ভুট্টো, হাজি শাহ আলম প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, নারায়ণগঞ্জ শহরের মধ্যে ওয়াসা কর্তৃপক্ষ শতকরা ২৫ ভাগ এলাকায়ও ঠিকভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারছে না। ২৫ ভাগ এলাকায় সরবরাহ করা পানি নোংরা ও দুর্গন্ধযুক্ত। ফলে যারা নোংরা পানি পাচ্ছে ও যারা কোনো পানি পাচ্ছে না, উভয় পক্ষই বাধ্য হয়ে বিপুল অঙ্কের টাকা খরচ করে গভীর নলকূপ (সাবমারসিবল পাম্প) বসাতে বাধ্য হচ্ছে। অথচ ওয়াসা কর্তৃপক্ষ সম্পূর্ণ বেআইনিভাবে গভীর নলকূপ ব্যবহারকারীদের ঘাড়ে অনুমোদন ও নবায়ন ফি চাপিয়ে দিচ্ছে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। ওয়াসা হটাও সংগ্রাম কমিটির আহ্বায়ক মাহবুব ইসমাইল বলেন, ওয়াসা কর্তৃপক্ষ বিশুদ্ধ পানি সরবরাহে সম্পূর্ণ ব্যর্থ। অথচ প্রতিষ্ঠানটি গভীর নলকূপ ব্যবহারকারীদের জন্য অনুমোদন ও নবায়ন ফি ধার্য করেই ক্ষান্ত হয়নি; বরং প্রতি ইউনিট হিসেবে পানির বিলও নেওয়া হবে বলে নোটিশ পাঠিয়েছে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। শুধু তা-ই নয়, গভীর নলকূপ ব্যবহারকারীদের কাছে পাঠানো নোটিশে বলা হয়েছে, আবাসিক গ্রাহকদের ওপর ধার্যকৃত এসব ফি ২০০৮ সালের ১৬ মার্চ থেকে এবং শিল্প বা বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে ২০০৮ সালের ১৪ আগস্ট থেকে কার্যকর হবে। সংবাদ সম্মেলন থেকে সংগঠনের নেতারা তিনটি দাবি উত্থাপন করে কর্মসূচি ঘোষণা করেন। ১৪ আগস্ট বেলা ১১টায় শহরের খানপুরের ওয়াসা রাজস্ব কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি পেশ; ১৬ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় সাংসদ, সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা, এলাকা ও ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন এবং ১০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ওয়াসা কার্যালয় ঘেরাও।