গভীর নলকূপ স্থাপনের অনুমোদন নেওয়া যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
নারায়ণগঞ্জের গ্রাহকেরা ১৫ হাজার টাকা অনুমোদন ফি দিয়ে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গভীর নলকূপ স্থাপন করতে পারবেন। আর এসব গ্রাহকের বার্ষিক নবায়ন ফি হবে ১০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতারা। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ বি সিদ্দিক, সিনিয়র সহসভাপতি রফিউর রাব্বি, সদস্য হাসমত উল্লাহ, ভবানী শংকর রায় প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে গভীর নলকূপ ব্যবহারকারীদের অনুমোদন ফি ৮০ হাজার এবং নবায়ন ফি ৫০ হাজার টাকা নির্ধারণ করা আছে। নির্ধারিত ওই ফির বাইরে গিয়ে নারায়ণগঞ্জের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে শুধু নাগরিক কমিটির আন্দোলনের ফলে। তাই বিষয়টি নিয়ে কোনো ভুল-বোঝাবুঝির অবকাশ নেই।