গভীর নলকূপগুলো বিক্রি হয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিজমিতে সেচের জন্য নেত্রকোনায় সরকারের দেওয়া গভীর নলকূপগুলো একশ্রেণীর অসাধু লোক বিক্রি করে দিচ্ছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রভাবশালী ব্যক্তিরা সরকারি সম্পদ বিনষ্ট করলেও এগুলো রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ১৯৮০ থেকে ১৯৯৩ সালের মধ্যে জেলার বিভিন্ন উপজেলায় গভীর নলকূপগুলো স্থাপন করে। সরকার ভর্তুকি দিয়ে কৃষক সমবায় সমিতির কাছে নামমাত্র মূল্যে নলকূপগুলো সরবরাহ করে। আটটি উপজেলায় বিভিন্ন সময়ে মোট ৪০৯টি গভীর নলকূপ বিতরণ করা হয়। এর মধ্যে সচল আছে ১৭৯টি, অচল ৯৬টি, বিক্রি হয়ে গেছে ২৫টি। বাকি ১০৯টির তথ্য উপজেলা বিআরডিবি কার্যালয় থেকে পাওয়া যায়নি।নেত্রকোনা সেচ ভবনের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘অকেজো গভীর নলকূপগুলো মেরামতের জন্য একটি প্রকল্প এসেছে। কতগুলো বিক্রি হয়েছে, সে তথ্য আমার কাছে নেই। সরকারি সম্পদ এভাবে বিক্রি করার অধিকার কারও নেই।’ খোঁজ নিয়ে জানা যায়, আটপাড়া উপজেলায় পাঁচটি গভীর নলকূপ বিক্রি হয়ে গেছে। এর মধ্যে দুটি নিয়ে মামলা চলছে। উপজেলার দক্ষিণ খিলা গ্রামের কেএসএস লিমিটেড সমবায় সমিতির নলকূপটি গত অগ্রহায়ণ-পৌষ মাসে কয়েকজন প্রভাবশালী বিক্রি করে দেন। পরে সমিতির কয়েকজন সদস্য বাধা দিলে পুলিশ এসে কিছু যন্ত্রাংশ জব্দ করে। ১৬ লাখ টাকার বেশি ভর্তুকি দিয়ে সরকার ১৯৮৬-৮৭ অর্থবছরে নলকূপটি স্থাপন করে। আর সমিতির সদস্যরা দিয়েছিলেন এক লাখ ১৭ হাজার টাকা। এ ছাড়া আটপাড়া উপজেলার বাঁশাটি দক্ষিণ এসএস লিমিটেড, শুনুই মেঘেরকান্দা কেএসএস লিমিটেড, ইসাইল কেএসএস লিমিটেড, নওয়াপাড়া কেএসএস লিমিটেড নামের সমবায় সমিতির গভীর নলকূপ চারটি বিক্রি করে দেওয়া হয়েছে। উপজেলার খিলা গ্রামের কৃষক বিক চান বলেন, ‘এখানে একটি ডিপ টিউবওয়েল (গভীর নলকূপ) ছিল। এতদিন ধরে এইডা দিয়াই হানি (পানি) দিতাম। এখন আগেরডা ওডায়ে সাব-মার্সিবল পাম্প দিছে।’ একই গ্রামের আবুল বাশার, মোবারক হোসেন ও হাদিউল ফকির জানান, অগ্রহায়ণ-পৌষ মাসে সমিতির কিছু লোক মিলে নলকূপের যন্ত্রাংশ উঠিয়ে বিক্রি করে দেন। কিছু যন্ত্রাংশ পুলিশ জব্দ করে। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমু জামান বলেন, ‘আমি কয়েক মাস হয় এ থানায় এসেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’ পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের কান্দাপাড়া ও জারিয়া ইউনিয়নের পূর্ব মৌদাম গ্রামের দুটি নলকূপ বিক্রি করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন উপজেলার আরও অনেক নলকূপ বিক্রি হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা স্বীকার করছে না। তারা এ প্রতিবেদককে জানায়, কোনো সমিতি যদি বিক্রি করেও থাকে, সে তথ্য তাদের কাছে নেই। দুর্গাপুর উপজেলার বিআরডিবি কর্মকর্তা আবু তালহা জানান, একসময় নলকূপগুলো বিক্রির হিড়িক পড়েছিল। এখন আর বিক্রি হচ্ছে না। নলকূপগুলো এক লাখ ৬২ হাজার টাকা ঋণের মাধ্যমে দেওয়া হয়েছিল।