গভীর নলকূপে বিদ্যুৎ-সংযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতাধীন ৮৩টি গভীর নলকূপ চালু করা যাচ্ছে না। এ কারণে চার শতাধিক কৃষকের পাঁচ হাজার একর বোরো খেত কম খরচে সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
বিএমডিএ ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহীদুর রহমান জানান, জেলা সদর উপজেলায় স্থাপন করা ৩৬টি গভীর নলকূপের মধ্যে ১৮টি, রানীশংকৈল উপজেলায় ২৫টির মধ্যে তিনটি, হরিপুর উপজেলায় ২৮টির মধ্যে তিনটি নলকূপে বিদ্যুৎ-সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। পীরগঞ্জ উপজেলার ১৮টি নলকূপের মধ্যে একটি নলকূপেও সংযোগ দেওয়া হয়নি।
সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামে সরেজমিনে দেখা গেছে, অনেক জায়গায় গভীর নলকূপ স্থাপন করা হলেও তাতে বিদ্যুৎ-সংযোগ নেই। নলকূপের পাশে শ্যালোমেশিন বসিয়ে জমিতে সেচ দিচ্ছেন কৃষকেরা। কৃষক কুন্ত মোহন বলেন, নলকূপ চালু না হওয়ায় তিনি ব্যক্তিমালিকানাধীন শ্যালোমেশিন থেকে চুক্তিতে পানি কিনে সেচ দিচ্ছেন। এ জন্য এক বিঘা জমিতে তাঁকে সেচ বাবদ প্রায় ১ হাজার ৭০০ টাকা খরচ করতে হবে। বরেন্দ্রর নলকূপ থেকে পানি নিয়ে একই পরিমাণ জমিতে ৭০০-৮০০ টাকা খরচ হবে বলে তিনি জানান।
পাশে একটি গভীর নলকূপে বিদ্যুতের তার টানা হলেও মিটারে সংযোগ দেওয়া হয়নি। কৃষক মো. আতাউল্লাহ জানান, জমিতে শ্যালোমেশিন দিয়ে সেচ দিতে প্রতি বিঘায় ৮০০ থেকে এক হাজার টাকা বাড়তি খরচ করতে হচ্ছে।
বিএমডিএ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে কৃষকদের স্বল্পমূল্যে সেচসুবিধা দিতে গত বছরের মে-জুন মাস থেকে জেলার বিভিন্ন গ্রামে ১০৭টি গভীর নলকূপ বসানো শুরু করে বরেন্দ্র কর্তৃপক্ষ। অক্টোবর মাসের মধ্যে সব নলকূপ বসানোসহ পাম্পঘর ও নালা তৈরির কাজ শেষ করা হয়। স্থানীয় কৃষকেরা সমবায়ের ভিত্তিতে প্রতিটি নলকূপের জন্য এক লাখ টাকা করে বরেন্দ্র কর্তৃপক্ষের কাছে জামানতও দিয়েছেন। প্রস্তুতি শেষে বিএমডিএ নলকূপগুলোর বিদ্যুৎ-সংযোগ চেয়ে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে আবেদন করে। তবে চলতি বোরো মৌসুমের বেশির ভাগ সময় পেরিয়ে গেলেও ৮৩টি নলকূপে বিদ্যুৎ-সংযোগ পাওয়া যায়নি।
বিএমডিএ ঠাকুরগাঁও অঞ্চলের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, প্রতিটি গভীর নলকূপের আওতায় প্রায় ২৫ হেক্টর (১ হেক্টর = ২ দশমিক ৪৭ একর) জমিতে অনায়াসে সেচ দেওয়া সম্ভব। সে হিসাবে ১০৭টি গভীর নলকূপের মাধ্যমে ন্যূনতম ২ হাজার ৬৭৫ হেক্টর (৬ হাজার ৬০৭ একর) জমি সেচের আওতায় আসবে। কিন্তু ৮৩টি নলকূপ সচল না হওয়ায় ৫ হাজার ১২৫ একর বোরো খেত এ সুবিধা থেকে বঞ্চিত। বোরো মৌসুমের বেশির ভাগ সময় পেরিয়ে গেলেও এখনো সংযোগ দেওয়া হয়নি।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. খালেকুজ্জামান জানান, পীরগঞ্জ ও রানীশংকৈলের বলিদ্বারা সাব-স্টেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন ওভারলোড ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেসব এলাকার গভীর নলকূপগুলোতে বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। নেকমরদ সাব-স্টেশনের অওতার নলকূপগুলোর সংযোগ দেওয়ার কাজ প্রক্রিয়াধীন।